লন্ডন: জয় দিয়ে মরশুম শেষ করল ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারাল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। সেই সুবাদে আগামী মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করল সিটিজেনরা। ৩৮ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে শেষ করল ম্যান সিটি। ম্যাচের ২১ মিনিটে দুরন্ত বাই-সাইকেল ভলিতে দলকে এগিয়ে দেন ইকে গুন্ডোগান। এরপর ৭২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আর্লিং হালান্ড। অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে শেষ করল চেলসি (৩৮ ম্যাচে ৬৯ পয়েন্ট)। ম্যাচে লেভি কোলউইলের একমাত্র গোলে জিতল দ্য ব্লুজ।
চার ম্যাচ বাকি থাকতেই লিগ খেতাব ঘরে তুলেছে লিভারপুল। শেষ ম্যাচে অবশ্য জিততে ব্যর্থ তারা। রবিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করল তারা। ম্যাচে ইসমাইলে সারের গোলে লিড নেয় ক্রিস্টাল প্যালেস। এরপর ৮৪ মিনিটে লিভারপুলের হার বাঁচাল মহম্মদ সালাহ। এই ড্রয়ের ফলে ৩৮ ম্যাচে ৮৪ পয়েন্টেই লিগ অভিযান শেষ করল দ্য রেডস ব্রিগেড। পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল। রবিবার অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনকে ২-১ গোলে হারাল মিকেল আর্তেতা ব্রিগেড। ম্যাচের গানারদের হয়ে জাল কাঁপান কিয়েরান তিয়েরনি ও মার্টিন ওডেগার্ড। এই জয়ের সুবাদে ৩৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল গানারদের। এদিকে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারাল ম্যান ইউ। ন’ম্যাচ পর জয়ে ফিরল তারা।