নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ২ জুলাই থেকে রাজ্যজুড়ে ‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচি শুরু হয়েছে স্থানীয় বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছেন, এদিন পর্যন্ত প্রায় ৩০ লক্ষ মানুষ এই কর্মসূচির জন্য আয়োজিত শিবিরে অংশ নিয়েছেন। এখনও পর্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে ১ লক্ষ ৩৬ হাজার ৪১৫টি প্রকল্প রূপায়ণ করার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার এত মানুষ এই প্রকল্পে আন্তরিকভাবে সাড়া দেওয়ায় তিনি গর্ব অনুভব করেছেন। এই প্রকল্পটি সুষ্ঠুভাবে রূপায়ণ করার জন্য সরকারি কর্মী ও আধিকাকিরদের অভিনন্দন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষকর্তা দের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে এই কর্মসূচি চালানোর জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়ে দেন, যার যা সমস্যা আছে তার সমাধান করতেই হবে।



