নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক কর্মসূচিতে শীঘ্রই উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় যেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে গিয়ে প্রয়াত বীণাপানিদেবীর ছবিতে শ্রদ্ধা জানানোর পর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি। এমনটাও জানা গিয়েছে, চাঁদপাড়া-ঠাকুরনগর-গাইঘাটার অংশে কোনও কর্মসূচি করতে পারেন তিনি। পদযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বনগাঁয় মমতার যাওয়ার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। কোন এলাকায়, কি ধরনের কর্মসূচি হবে, সে বিষয়ে কথাবার্তা চলছে বলেই খবর। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠাকুরনগরে এসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে একটি কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগরে আসার বিষয়ে কথাবার্তা চলছে। কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, এসআইআর কেন্দ্রিক পরিস্থিতিতে মতুয়া অধ্যুষিত বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে গেলে তা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে মমতা কি বার্তা দিতে পারেন, তা নিয়ে কৌতূহল থাকবে সকলের। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা বিধানসভা আসন বিজেপির হাতে রয়েছে। বাগদা বিধানসভা আসনটি উপনির্বাচনে জিতে এখন তৃণমূলের অধীনে। ফলে এই অঞ্চলে বিজেপিকে হারাতে তৃণমূল কী স্ট্র্যাটেজি নেয়, সেটা নিয়েও কৌতূহল তুঙ্গে।



