Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আলুচাষিদের সুরক্ষায় বার্তা দিলেন মমতা

আলুর অতি ফলনের জেরে চিন্তায় পড়েছিল কৃষকরা। যা নিয়ে হুগলি, বর্ধমান এবং মেদিনীপুরের নানা বিধানসভা কেন্দ্রে ভোটের মুখে রাজনৈতিক ফয়দা তুলতে নেমেছিল গেরুয়া শিবির।

আলুচাষিদের সুরক্ষায় বার্তা দিলেন মমতা
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর: আলুর অতি ফলনের জেরে চিন্তায় পড়েছিল কৃষকরা। যা নিয়ে হুগলি, বর্ধমান এবং মেদিনীপুরের নানা বিধানসভা কেন্দ্রে ভোটের মুখে রাজনৈতিক ফয়দা তুলতে নেমেছিল গেরুয়া শিবির। তবে রবিবার তারকেশ্বরের সভায় তাতে জল ঢাললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনি জনসভা থেকে আলুচাষিদের উদ্দেশে বার্তা দেন তিনি। জানিয়ে দেন, ‘আলু চাষিদের জন্য আরও ভাবনাচিন্তা করব, যাতে তাঁদের জীবন সুরক্ষিত হয়। আমাদের চিন্তা আছে।’ হুগলির এই অঞ্চলের অর্থনীতির অনেকটাই নির্ভর করে আলু সহ অন্যান্য চাষের উপর। ফলে আলু চাষে লোকসান প্রভাব ফেলে কৃষকদের জীবনে। মমতার বার্তা আলুচাষিদের মুখে হাসি ফোটাবে বলেই মত বিশেষজ্ঞদের। এদিন উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তথা সিঙ্গুরের প্রার্থী বেচারাম মান্না। মমতা বলেন, ‘বেচারাম বলছিল উত্তরপ্রদেশে বস্তা প্রতি ৪০ টাকা করে আমাদের থেকেও কম দামে আলু বিক্রি হয়েছে।’ তৃণমূল সুপ্রিমো পরিষ্কার করে দেন, ‘গবেষণাগার তৈরি করেছি। আলু বীজ আর বাইরে থেকে কেনার প্রয়োজন নেই। কৃষকদের আলু রাখার জন্য ৩০ শতাংশ জায়গা রাখা আছে। তাঁরা রাজ্যের বাইরেও তা বিক্রি করতে পারেন। কোনো বাধা নেই।’ বাম আমলে আলুচাষিরা তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারতেন না বলেও কটাক্ষ করেন মমতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ