Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

বঙ্গ ভবনে দিল্লি পুলিশের অভিযানে ক্ষুব্ধ মমতা, রাজধানীর রাজপথে নেমে তীব্র প্রতিবাদ

সরগরম দিল্লি। আজ, সোমবার বিকেলে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বঙ্গ ভবনে দিল্লি পুলিশের অভিযানে ক্ষুব্ধ মমতা, রাজধানীর রাজপথে নেমে তীব্র প্রতিবাদ
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি: সরগরম দিল্লি। আজ, সোমবার বিকেলে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে দিল্লির রাজপথে নেমে হুংকার মমতার। সূত্রের খবর, এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তিদের কয়েকজনের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। তারা রয়েছেন বঙ্গ ভবনে। অভিযোগ, এদিন সকাল থেকেই তাদের হেনস্তা করছে দিল্লি পুলিশ। গোটা বঙ্গ ভবন চত্বর ঘিরে রেখেছে দিল্লি পুলিশের বিশাল বাহিনী। সেই খবর পেয়েই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ ভবনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

Advertisement

সঙ্গে দিল্লি পুলিশকে স্পষ্ট জানিয়ে দেন, ‘এটা আমাদের ভবন। দিল্লি পুলিশ এখানে এসে ঘরে ঘরে সার্চ করছে। ওখানে বাংলার মানুষরা রয়েছে। এটা দিল্লি পুলিশ করতে পারে না। আমাদের রাজ্যে অনেকে এসআইআরের কারণে মারা গিয়েছেন। তাঁদের পরিজনদের নিয়ে আমরা এসেছি। কিছু মানুষ আছেন, যাঁরা জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। তাঁরাও এসেছেন।’ অভিযোগ তাদেরই হেনস্তা করছে দিল্লি পুলিশ। যার বিরুদ্ধে রাজধানীর রাজপথে গর্জে উঠেছেন মমতা। তিনি বলেন, ‘আমাদের রাজ্যে যখন স্বরাষ্ট্রমন্ত্রী যান তখন তো রেড কার্পেট বিছিয়ে দিই। আমাদের বেলাতেই ব্ল্যাক কার্পেট। দিল্লিতে বিস্ফোরণের সময়ে কোথায় ছিল পুলিশ।’ একই সঙ্গে দিল্লি পুলিশের আধিকারিকদের তিনি বিষয়টি বুঝিয়ে বলেন। তারপরে বঙ্গ ভবনে থাকা রাজ্যের কয়েকজন বাসিন্দাদের সঙ্গে দেখাও করেন মমতা। সূত্রের খবর, এদিন তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠক হওয়ার কথা রয়েছে এদিন বিকেলে। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রতিবাদে’ উত্তপ্ত দিল্লির রাজনীতি। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ