নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিদিন চারটি খুন আর ১৬টি ধর্ষণ! পালাবদলের পর তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) রাজ্য ক্রাইম রেকর্ড ব্যুরোর থেকে মেলা তথ্য তুলে ধরল মমতা তৃণমূল কংগ্রেস। গত মে মাস থেকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপরাধের এহেন হালহকিকত তুলে ধরে বিজেপির বিরুদ্ধে তেড়েফুঁড়ে নেমেছেন মমতাপন্থী তৃণমূল নেতারা। অভিযোগ তোলা হয়েছে, মাত্র পাঁচ মাসেই জঙ্গলের রাজত্ব চলছে বিজেপি জমানায়। জবাব দিতে দেরি করেনি বিজেপি। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল জমানায় তো কোনো কিছু রেকর্ড হত না। আমাদের সরকার সকলকে সুযোগ দিয়েছে, আগের ঘটনাতেও এখন এফআইআর করা যাবে। তারই প্রতিফলন হয়েছে।
প্রসঙ্গত, মমতাপন্থী প্রাক্তন তৃণমূল সাংসদ সাকেত গোখলে আরটিআই মাধ্যমে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলেন, গত পাঁচ মাসে রাজ্যের কোথায় কতগুলি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাজ্য ক্রাইম রেকর্ড ব্যুরো উত্তর পাঠিয়েছে। শুধু খুন আর ধর্ষণের পরিসংখ্যান নয়, ক্রাইম রেকর্ড ব্যুরো পাঠিয়েছে খুনের চেষ্টা এবং গুরুতর আঘাতের গোটা রাজ্যের পরিসংখ্যানও। আরটিআইয়ে মেলা ওই তথ্য এক্স-হ্যান্ডলে তুলে ধরেছে এই মুহূর্তের ‘ফুটবলার’ প্রতীকওয়ালারা। তথ্য বলছে, বিজেপি ক্ষমতায় আসার পর গত পাঁচ মাসে মোট ধর্ষণের ঘটনা ঘটেছে ২৪৫৪টি। এরমধ্যে মে মাসে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৩৪৯টি, জুনে ৩৮৯টি, জুলাইতে ৭৮৬টি, আগস্টে ৪৫৯ টি এবং গত সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ পর্যন্ত ৪৭১টি।
পালাবদলের রাজ্যে গত পাঁচ মাসে মোট ৬০০টি খুনের ঘটনা ঘটেছে বলে আরটিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মমতা তৃণমূলের দেওয়া তথ্য বলছে, মে মাসে ১২৫টি, জুনে ১৩৪টি, জুলাইতে ১৩৩টি, আগস্ট মাসে ১১১টি ও সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ পর্যন্ত ৯৭টি খুনের ঘটনা ঘটেছে। এই পাঁচ মাসে ১৩,১১৪টি খুনের চেষ্টার অভিযোগ নথিভুক্ত হয়েছে। পাশাপাশি গুরুতর জখম করে দেওয়ার অভিযোগ নথিভুক্ত হয়েছে ৩২,৩৪১টি।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসনে গত পাঁচমাসে প্রতিদিন ১৬টি ধর্ষণ এবং চারটি খুনের ঘটনা ঘটেছে। প্রতিদিন ৮৭টি খুনের চেষ্টার ঘটনা এবং গুরুতর আঘাতের ২১৬টি ঘটনা ঘটেছে। বিজেপির প্রতিশ্রুতি ছিল, ডাবল ইঞ্জিন সরকারের, কিন্তু বাংলা পেল ডাবল ইঞ্জিন বিপর্যয়। একইসঙ্গে মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, একদিকে ভোট লুঠ করে পশ্চিমবঙ্গের গণতন্ত্র হত্যা করা হচ্ছে, অন্যদিকে জঙ্গলের রাজত্ব চালাচ্ছে বিজেপি সরকার। মমতপন্থীরা যে অভিযোগ এনেছেন, তার জবাব রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে দিয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তাঁর বক্তব্য, তৃণমূল জমানায় তো অপরাধের ঘটনা নথিভুক্ত হত না। আমরা সব তথ্য পোর্টালে নথিভুক্ত করছি। আমাদের সরকার আসার পর অন্যায়-অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে।অপরাধীকে কোনো অবস্থায় ছাড় নয়। পাশাপাশি দেবজিৎ উল্লেখ করেন, তবে অপরাধের ঘটনাগুলি কোথায়, কবে হয়েছে, সেটাও দেখতে হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মানুষকে সুযোগ করে দেওয়া হয়েছে অত্যাচারের কোনো ঘটনা ঘটে থাকলে, সেটাতে এফআইআর করার।