Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় লুটের ঘটনার ৭ ঘণ্টার মধ্যে পুলিসের জালে মূল অভিযুক্ত

বৃহস্পতিবার উলুবেড়িয়ার ঘরভাঙা বাসুদেবপুরে গৃহকর্ত্রী শিপ্রা দাসের হাত-পা ও মুখ বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে লুটপাটের ঘটনায় ৭ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল রাজাপুর থানার পুলিস।

উলুবেড়িয়ায় লুটের ঘটনার ৭ ঘণ্টার মধ্যে পুলিসের জালে মূল অভিযুক্ত
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃহস্পতিবার উলুবেড়িয়ার ঘরভাঙা বাসুদেবপুরে গৃহকর্ত্রী শিপ্রা দাসের হাত-পা ও মুখ বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে লুটপাটের ঘটনায় ৭ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল রাজাপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রতন প্রামাণিক। তার বাড়ি রাজাপুর থানা এলাকার ঘোষালচকে। তার কাছ থেকে পুলিস এক লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব বলেন, ঘোষালচকে রতনের মুরগির মাংসের দোকান রয়েছে। রতন শিপ্রাদেবীর বাড়িতে কয়েকবার মাংস পৌঁছে দিতে এসে বুঝতে পেরেছিল, দিনের বেলায় তিনি একাই থাকেন। এরপরই সে তার সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে লুটের পরিকল্পনা করে। এসডিপিও বলেন, বৃহস্পতিবার লুটপাটের ঘটনার আগের সন্ধ্যায় সে ওই বাড়ির আশপাশে রেকি করেছিল। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ ও রাজাপুর থানার পুলিস তদন্তে নেমে রতনকে গ্রেপ্তার করে। দুষ্কৃতীরা ওই বাড়ি থেকে প্রায় ৫০ গ্রাম ওজনের সোনার গয়না, ২৫ হাজার টাকা এবং একটি স্কুটি চুরি করেছিল। তারপর ওই গয়না একটি সোনার দোকানে বিক্রি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। লুটপাটের ঘটনায় যুক্ত বাকি তিন অভিযুক্ত এবং সোনার দোকানের মালিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ