Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালিগঞ্জ থেকে ৩৫ লক্ষের গয়না হাতিয়ে বিমানে উধাও পরিচারিকা

বালিগঞ্জের কুইন্স পার্কের অভিজাত আবাসনের এক ফ্ল্যাট থেকে সোনা ও হিরের গয়না মিলিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার অলঙ্কার চুরির অভিযোগে পলাতক পরিচারিকাকে দার্জিলিং থেকে গ্রেফতার করল লালবাজার।

বালিগঞ্জ থেকে ৩৫ লক্ষের গয়না  হাতিয়ে বিমানে উধাও পরিচারিকা
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালিগঞ্জের কুইন্স পার্কের অভিজাত আবাসনের এক ফ্ল্যাট থেকে সোনা ও হিরের গয়না মিলিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার অলঙ্কার চুরির অভিযোগে পলাতক পরিচারিকাকে দার্জিলিং থেকে গ্রেফতার করল লালবাজার। ধৃতের নাম রত্না শানকের। লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা মঙ্গলবার দুপুরে দার্জিলিঙের জোড়বাংলো থানা এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে তাকে।

Advertisement

কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।    প্রাথমিক তদন্তের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দাদের দাবি, চলতি মাসের ১১ তারিখে ঘটনা। মাত্র ৩ দিন বালিগঞ্জের এক অভিজাত বাড়িতে পরিচারিকার কাজ করার ফাঁকে লকারের চাবি হাতিয়ে সোনা-হিরের গয়না নিয়ে উধাও হয় পরিচারিকা। বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারটি। মামলার তদন্তভার তুলে দেওয়া হয় লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দাদের হাতে। লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন, দমদম বিমানবন্দর থেকে বিমানে বাগডোগরা হয়ে দার্জিলিংয়ে বাড়িতে পালিয়ে যায় ওই পরিচারিকা। বিমানবন্দর যাওয়ার পথে নিজের মোবাইল থেকে সিমকার্ড খুলে রাস্তায় ফেলে দিয়েছিল সে। যাতে পুলিশ কোনওভাবে তার নাগাল না পায়। যদিও শেষ রক্ষা হল না। কাজের বাড়িতে আধার কার্ডের প্রতিলিপি দিয়েছিল ওই পরিচারিকা। সেই আধার কার্ডের সূত্র ধরেই, পরিচারিকার মোবাইল নম্বর ও বাড়ির ঠিকানা হাতে আসে লালবাজারের। ওই মোবাইল নম্বরে নজরদারি চালাতে গিয়ে গোয়েন্দারা লক্ষ্য করেন, পলাতক পরিচারিকার উপস্থিতি দার্জিলিং দেখাচ্ছে। নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় পলাতক পরিচারিকাকে। গোয়েন্দারা খোয়া যাওয়া গয়না উদ্ধার করেছেন। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার জন্য আজ বুধবার দুপুরে তাকে স্থানীয় আদালতে তোলার কথা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ