Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিধানসভায় বসে মোবাইলে তাস খেলায় মগ্ন মহারাষ্ট্রের মন্ত্রী!

মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কৃষকদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। কখনও ফসলের দাম না পেয়ে, কখনও দেনার জালে জড়িয়ে মৃত্যুকে বেছে নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। কৃষক আত্মহত্যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলি।

বিধানসভায় বসে মোবাইলে তাস খেলায় মগ্ন মহারাষ্ট্রের মন্ত্রী!
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কৃষকদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। কখনও ফসলের দাম না পেয়ে, কখনও দেনার জালে জড়িয়ে মৃত্যুকে বেছে নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। কৃষক আত্মহত্যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলি। এর মধ্যেই বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে। সম্প্রতি একটি ভিডিওয় দেখা যাচ্ছে, মহারাষ্ট্র বিধানসভার অধিবেশন চলছে। গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখছেন সদস্যরা। আর সেই সময় মোবাইল ফোনে একমনে তাস খেলে চলেছেন কৃষিমন্ত্রী। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। কৃষিমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন এনসিপি (শারদ পাওয়ারপন্থী) নেতা রোহিত পাওয়ার। তাঁর অভিযোগ, সারা রাজ্য যেখানে কৃষিক্ষেত্র সংকটের মুখে, তখন মন্ত্রীর এমন অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। একইসঙ্গে বিজেপির জোটসঙ্গী এনসিপি (অজিত পাওয়ারপন্থী)-কেও নিশানা করেছেন রোহিত। কারণ মানিকরাও অজিতগোষ্ঠীর নেতা। এক্স হ্যান্ডলে রোহিত লিখেছেন, ‘যখন থেকে এনসিপির ওই গোষ্ঠী ক্ষমতায় এসেছে, তখন থেকে বিজেপির সঙ্গে আলোচনা করা ছাড়া কিছুই করেনি। কৃষিসংক্রান্ত বহু সমস্যা ঝুলে রয়েছে। রাজ্যে প্রতিদিন গড়ে আটজন করে কৃষক আত্মহত্যা করছেন। আর কৃষিমন্ত্রীর কোনও কাজ নেই, তিনি রামি খেলছেন।’ মন্ত্রীকে মাঠে নেমে কৃষকদের সমস্যা শোনার পরামর্শও দিয়েছেন রোহিত। এনসিপি (শারদপন্থী) সাংসদ সুপ্রিয়া সুলেও কৃষিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। 

Advertisement

যদিও মানিকরমের সাফাই, কেউ তাঁর ফোনে ওই গেমটি ডাউনলোড করেছিল। বিধান পরিষদের অধিবেশন মুলতুবি হওয়ায় তিনি বিধানসভায় এসেছিলেন। তখন ফোন খুলে ওই গেমটি ডিলিট করার চেষ্টা করছিলেন। সেই সময় ওই ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। সত্যি ঘটনা জানার জন্য পুরো ভিডিও প্রকাশ করার দাবি করেছেন তিনি। পুরো ঘটনায় বিরোধীদের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তাঁর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ