Bartaman Logo
৯ জুন, ২০২৬

উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ

মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি তথা এনডিএ। রবিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হয়।

উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি তথা এনডিএ। রবিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য শীর্ষ নেতা। ওই বৈঠকেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই ঘোষণা করেছেন। কাল, মঙ্গলবার সংসদ ভবনে এনডিএ ফ্লোর লিডারদের বৈঠক রয়েছে। রাজনৈতিক সূত্রের দাবি, এনডিএর বৈঠকের পর মনোনয়ন জমা দিতে পারেন রাধাকৃষ্ণণ। মনে করা হচ্ছে, আগামী ২১ আগস্ট মনোনয়ন জমা দিতে পারেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী। প্রসঙ্গত, ২১ আগস্টই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনও সংখ্যালঘু কিংবা মহিলা মুখকে এনডিএ প্রার্থী করতে পারে বলে প্রাথমিকভাবে জল্পনা ছড়িয়েছিল। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল এর আগে ঝাড়খণ্ড, তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব সামলেছেন। কোয়েম্বাটোর কেন্দ্র থেকে বিজেপির লোকসভা সদস্যও হয়েছিলেন। তামিলনাড়ুর বিজেপি সভাপতির ভারও সামলাতে হয়েছে তাঁকে। শেষমেশ সেই দক্ষিণী লবির উপরই ভরসা রাখলেন নরেন্দ্র মোদি।

Advertisement
সম্পর্কিত সংবাদ