‘অমৃত মহোৎসবে’ নিউটাউনের ডি বি ব্লক সর্বজনীনে এবার ‘মহাকুম্ভ’
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল ‘অমৃত কলস’। দেবতা ও অসুরদের লড়াইয়ের সময় সেই অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল পৃথিবীর চার স্থানে—প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী। এর স্মরণে ও আত্মিক শুদ্ধির জন্য উদযাপিত হয় কুম্ভমেলা। তবে এবার পুজোয় কুম্ভের সাক্ষী হওয়ার সুযোগ রয়েছে খোদ নিউটাউনেই।  

Advertisement

মহাকুম্ভ এবং ভারতবর্ষের সনাতনি সংস্কৃতি ভাবনাতেই সেজে উঠছে নিউটাউন ডি বি ব্লক সর্বজনীন দুর্গোৎসব। থিমের নাম, ‘অমৃত মহোৎসব’। একে ১০ বছর, তার উপর রাজনীতিতে পালাবদল। তাই এবার আয়োজনে আড়ম্বর। উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মহাকুম্ভের উদ্বোধন চান বলে জানালেন।
এতদিন সাবেকি পুজো হয়ে আসছে নিউটাউনের ডি বি ব্লক সর্বজনীন দুর্গোৎসবে। এই পুজোর সভাপতি বিজেপির রাজ্য কমিটির সদস্য অনুপম ঘোষ। এবার ১০ বছরের সঙ্গে রাজ্যে পালাবদল ঘটেছে। তাই সকলেই চেয়েছিলেন থিমের মণ্ডপ হোক। অনুপমবাবু সেই উদ্যোগ নিয়েছেন। শুধু থিমের অভিনবত্বই নয়, পুজোর প্রধান মুখ্য উপেদেষ্টা হয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ অশোক লাহিড়ি। এতদিন নিউটাউনে থিমের পুজো মানে ছিল সিটি স্কোয়ারের মাঠে আয়োজিত নিউটাউন সর্বজনীন দুর্গাপুজো। কিন্তু পালাবদলের পর এই সর্বজনীন দুর্গাপুজো সহ ডি বি ব্লক এবং নিউটাউন মেলা প্রাঙ্গণে সনাতনী দুর্গাপুজোতেও অভিনব থিম। এই তিনটি পুজোই এবার জমে উঠেছে। ২০২২ সালে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সনাতনী পুজোর উদ্বোধন করেছিলেন। ২০২৩ সালেও পুজো হয়েছিল। কিন্তু অনুমতি না মেলায় ২০২৪ ও ২০২৫ পুজো বন্ধ ছিল। এবার অভিনব থিম সেখানে। উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে জমজমাট নিউটাউন। ডি বি ব্লকের মণ্ডপে ঢুকলে এক অন্যরকম অনুভূতি। ভিতরে থাকবে অসংখ্য সাধু-সন্তের মডেল। দেখলে মনে হবে, রক্তমাংসের সাধু দাঁড়িয়ে রয়েছেন। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে প্রতিমা।পুজোর সভাপতি অনুপম ঘোষ বলেন, মহাকুম্ভের সঙ্গে অমৃতের যোগ রয়েছে। কুম্ভের বিষয়কেই ফুটিয়ে তোলা হচ্ছে এই অমৃত মহোৎসবের থিমের মাধ্যমে। আমাদের এই পুজোয় এর আগে অবশ্য থিমের মণ্ডপ হয়নি। তবে এবার অভিনব থিম দেখবেন দর্শনার্থীরা। কুম্ভের মাহাত্যের সঙ্গে আমরা ভারতবর্ষের সনাতনী সংস্কৃতি ও পুরনো ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছি।