নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিরাপত্তায় পুলিশকর্মী থাকা সত্ত্বেও মমতা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুলে তাঁর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কমিশনার অজয় নন্দাকে নির্দেশ দিল হাইকোর্ট।
গতমাসে বেলেঘাটার বিধায়কের উপর পরপর দুদিন হামলা হয়। ২৬ সেপ্টেম্বর, উত্তরপাড়ায় শ্রীরামপুরে মমতার সভাস্থলের দিকে যাওয়ার পথে কুণালের গাড়ি লক্ষ্য করে পাথর এবং ডিম ছোড়ার অভিযোগ ওঠে। দ্বিতীয় ঘটনাটি ঘটে নিজের কেন্দ্র বেলেঘাটাতেই। আক্রান্ত হন কুণাল। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য শুনানি শেষে নির্দেশে জানান, এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং কুণাল পর্যাপ্ত নিরাপত্তা পান, তা পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে। এরপরই মামলাটি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি ভট্টাচার্য।
এদিকে, এদিন রাজ্য মানবাধিকার কমিশনে হাজিরা দেন কুণাল। রাজ্যজুড়ে হিংসার অভিযোগ এবং তাঁর উপর হামলার ঘটনার জন্য ছিল এই হাজিরা। কুণালের দাবি, মানবাধিকার কমিশন কালীঘাট থানাকে নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন অংশে এবং দলের কার্যালয়ের আশপাশের এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়া বিধানসভা নির্বাচনে হিংসার ঘটনায় অ্যাকশান টেকেন রিপোর্ট চেয়েছে রাজ্য মানবাধিকার কমিশন।



