


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্ধারিত সময়ে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নথি জমা না দেওয়ায় বহু স্কুলকে জরিমানা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্রপিছু পাঁচ হাজার টাকা জরিমানা করায় স্কুলগুলি আপত্তি তোলে। তবে, সোমবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ভাষা মেলার উদ্বোধনে এসে এই ইস্যুতে পর্ষদের পাশেই দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টি জানতে পেরে পর্ষদের কাছে তিনি রিপোর্ট চেয়েছিলেন। পর্ষদ তাঁকে জানিয়েছে, গত বছর হাইকোর্টই সময়ে নথি জমা না দেওয়া স্কুলগুলিকে ২০ হাজার টাকা করে জরিমানা দিতে বলেছিল। সেই নির্দেশের ভিত্তিতেই এবার বরং অনেক কম জরিমানা করেছে পর্ষদ। পর্ষদের এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করা হবে না। পর্ষদ সূত্রে খবর, যেসব স্কুলকে জরিমানা করা হয়েছিল, তার সবগুলিই এদিন তা জমা দিয়েছে। ফলে, ওই ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বা পরীক্ষা সংক্রান্ত অন্যান্য জটিলতা আর থাকছে না। তবে, মোট কতজন পরীক্ষার্থীর জন্য স্কুলগুলি জরিমানা দিয়েছে, তা অবশ্য পর্ষদ জানায়নি।