Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবেশ বাঁচাতে ‘দেওয়াল বাগান’ নির্মাণ করছে মধ্যমগ্রাম পুরসভা

প্লাস্টিকের বোতল বা জার পরিবেশ দূষণের অন্যতম কারণ। কিন্তু, সেই প্লাস্টিক ব্যবহার করেই পরিবেশ রক্ষার কাজ করছে মধ্যমগ্রাম পুরসভা।

পরিবেশ বাঁচাতে ‘দেওয়াল বাগান’ নির্মাণ করছে মধ্যমগ্রাম পুরসভা
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্লাস্টিকের বোতল বা জার পরিবেশ দূষণের অন্যতম কারণ। কিন্তু, সেই প্লাস্টিক ব্যবহার করেই পরিবেশ রক্ষার কাজ করছে মধ্যমগ্রাম পুরসভা। ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল ও জার সংগ্রহ করে তাতে গাছ বসিয়ে টাঙানো হচ্ছে কংক্রিটের দেওয়ালে। ইতিমধ্যেই পুরসভার গঙ্গানগরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের দেওয়ালে তৈরি হচ্ছে এই ‘দেওয়াল বাগান’। আগামী দিনে প্রতিটি ওয়ার্ডেই এমন দেওয়াল বাগান তৈরির ভাবনা নিয়েছে পুরসভা।

Advertisement

বিশ্ব উষ্ণায়নের দাপট রুখতে নাগরিকরা ছাদে বাগান তৈরিতে ঝুঁকছেন। আরও একধাপ এগিয়ে ‘দেওয়াল বাগান’ তৈরি করছে মধ্যমগ্রাম পুরসভা। পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গঙ্গানগরে রয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। সেখানে মূলত ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের পচনশীল ও অপচনশীল আবর্জনা রাখা হয়। তারপর সেগুলি পৃথকীকরণ করে জৈব সারও তৈরি হচ্ছে, যার পোষাকি নাম নোয়াই জৈব সার। এই প্রকল্পের দেওয়ালেই পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে দেওয়াল বাগান। দেখা গেল, ফেলে দেওয়া পানীয়ের বোতল বা জারের উপরের কিছুটা অংশ কেটে সেটিকে টবের আকার দেওয়া হয়েছে। তারপর তাতে, মাটি ও জৈব সার দিয়ে সেটি দেওয়াল থেকে ঝোলানো হয়েছে। বোতলের মাটিতে বসানো রয়েছে হরেক ফুল সহ বাহারি গাছ। এভাবেই ১৫ ফুট লম্বা এবং ১৮ ফুট চওড়া দেওয়ালে প্রায় ৬০টি এমন প্লাস্টিকের বোতল বা জারের টব বসানো রয়েছে।
সহজেই গাছের পরিচর্যা সহ জল, সার দেওয়ার সুবিধাও রয়েছে। পুরসভার এই দেওয়াল বাগান সাধারণ বাসিন্দারা তাঁদের বাড়ির বাইরের দেওয়ালেও করতে পারেন। এছাড়াও এলাকার ক্লাব, অফিসের দেওয়াল সহ এলাকার সরকারি ও বেসরকারি অফিসের দেওয়ালে খুব কম খরচেই তৈরি করা যাবে। ফুল, পাতাবাহারি গাছ থেকে শাকসব্জি, লঙ্কা সহ বিভিন্ন ধরনের ঔষধি গাছও বসানো যেতে পারে। এর ফলে একদিকে পরিবেশ বাঁচবে, অন্যদিকে ফুল, ফল সহ অন্যান্য গাছে এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে। এনিয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, দেওয়াল বাগানের পরিকল্পনা একটু অন্যরকম। এতে বাড়ির দেওয়ালের কোনও ক্ষতি হবে না। আমাদের মূল লক্ষ্য পরিবেশ বাঁচানো। এটা সফল হবে বলে আমরা বিশ্বাসী। গোটা শহর জুড়েই এই পরিকল্পনা আমরা নেব। মানুষকে উৎসাহিত করা হবে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ