নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ সালের ২১ এপ্রিল আলিপুরে উত্তীর্ণ মুক্তমঞ্চের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে একাধিক অনুষ্ঠানের সাক্ষী থেকেছে এই মুক্তমঞ্চ। একসঙ্গে প্রায় দু’হাজার মানুষ বসতে পারেন এখানে। তবে একটাই অসুবিধা, প্রখর রোদে কিংবা বৃষ্টি হলে ভেস্তে যায় অনুষ্ঠান। ফলে এবার বাধ্য হয়েই মাথা ঢাকতে হচ্ছে মুক্তমঞ্চের। বিশেষ পাফ প্যানেল প্রযুক্তি ব্যবহার করে ছাউনি দিচ্ছে রাজ্য সরকার। ফলে শীত, গ্রীষ্ম, বর্ষা বছরের যে কোনও সময় এখানে অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। সূত্রের খবর, পূর্তদপ্তরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে। ইতিমধ্যেই কাজ চালু করে দিয়েছে পূর্তদপ্তর। রাজ্যের এক আধিকারিক বলেন, এই পরিকাঠামোর পরিচয় মুক্তমঞ্চ হিসেবে। এখানে মানুষ খোলামেলা পরিবেশে অনুষ্ঠান দেখতে অভ্যস্ত। সেই কথা মাথায় রেখেই কাজ করা হচ্ছে। মাথার উপর ছাদ দেওয়া হলেও, এর চারদিক কার্যত খোলা থাকবে। ফলে হওয়া চলাচলের যথেষ্ট জায়গা থাকবে। অন্যান্য প্রেক্ষাগৃহের মতো চারদিক ঘেরা, এমনটা মনে হবে না। আবার, পাফ প্যানেল ব্যবহার করার কারণে নীচের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। প্রশাসনিক মহলের বক্তব্য, কয়েক হাজার কোটি টাকা খরচ করে শহরের বুকে এই বিশ্বমানের মুক্তমঞ্চটি তৈরি করা হয়েছে। কিন্তু মাথার উপর ছাদ না থাকায় রোদ, জলে নষ্ট হয়ে যাচ্ছে মুক্তমঞ্চে থাকা একাধিক আসবাবপত্র, দর্শকাসন। ছাউনি দেওয়া হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না।



