সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়া জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে তাঁদের উৎসাহিত করতে রাজ্যের প্রতিটি ব্লকে শুরু হয়েছে ‘শিল্পের সমাধান’ শিবির। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এরই অঙ্গ হিসেবে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের শিবির থেকে ৪৪৯টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, গত ৯ ডিসেম্বর থেকে বিডিও অফিসে শুরু হয়েছে ‘শিল্পের সমাধান’ শিবির। এই শিবিরে আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর ৩১০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। যদিও সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৪৮টি স্বনির্ভর গোষ্ঠীকে ১৩ কোটি টাকার বেশি ঋণ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বিডিও রিয়াজুল হক বলেন, নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এই ঋণ দেওয়া হচ্ছে।



