নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘আদালতে দাঁড়িয়ে যে এভাবে মিথ্যা বলা যায়, তা জানতাম না। এজলাসে সিবিআইয়ের আইনজীবীরা বলছেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু, কোথায় কী! আমাদের সঙ্গে কোনও যোগাযোগই রাখেন না তাঁরা।’ এই ভাষাতেই মেয়ের মৃত্যুর তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করলেন আর জি করের নিহত ডাক্তারি পড়ুয়ার বাবা। তিনি আরও বলেন, ‘তদন্তকারীরা আশ্বাস দিয়েছিলেন চার্জশিট জমা দেওয়ার আগে আমাদের জানাবেন। তাও জানাননি। আমাদের না জানিয়েই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া ও সিবিআইয়ের ভূমিকায় আমরা হতাশ।’ কার্যত তদন্তকারী সংস্থাকে বিঁধে অভয়ার বাবা জানিয়েছেন, ‘কোনওভাবে আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করে না তদন্তকারী এজেন্সি। শুধু তাই নয়, আমি একাধিকবার তদন্ত প্রক্রিয়া নিয়ে তদন্তকারী অফিসারকে মেসেজ করেছি। কিন্তু, তিনি সেই মেসেজের কোনও উত্তর দেননি।’ নির্যাতিতার মা-ও ক্ষোভের সুরে জানিয়েছেন, ‘প্রথমে সবাই আমাদের হয়ে মুখ খুলেছিল। কিন্তু, বুঝে গিয়েছি, আদতে আমাদের সঙ্গে কেউ নেই। যা করার এবার আমাদেরই করতে হবে। তাই আমরা আলাদাভাবে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছি।’ তথ্যাভিজ্ঞ মহলের মতে, অভয়ার পরিবারের বক্তব্যে স্পষ্ট, আর জি করে ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ তাঁরা।



