নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘আদালতে দাঁড়িয়ে যে এভাবে মিথ্যা কথা বলা যায়। তা জানতাম না। এজলাসে সিবিআইয়ের আইনজীবীরা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু, কোথায় কি! আমাদের সঙ্গে কোনও যোগাযোগই রাখেন না তাঁরা। তদন্তকারীরা আশ্বাস দিয়েছিলেন চার্জশিট জমা দেওয়ার আগে আমাদের জানাবেন। তাও জানানি। আমাদেরকে না জানিয়েই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্তপ্রক্রিয়া ও সিবিআইয়ের ভূমিকায় আমরা হতাশ।’
Advertisement
সংবাদমাধ্যমের সামনে মেয়ের বিচারপ্রক্রিয়ার প্রতি শুধু হতাশাই প্রকাশ করলেন আর জি করের অভয়ার বাবা-মা। কার্যত সিবিআইকে ভর্ৎসনার সুরে বিঁধলেন কাতর বাবা। মঙ্গলবার তিনি নিজের বাড়িতে বলেন, ‘আমরা সিবিআইয়ের ভূমিকায় হতাশ। কোনওভাবে আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করে না তদন্তকারী এজেন্সি। শুধু তাই নয়, আমি একাধিকবার তদন্তপ্রক্রিয়া নিয়ে তদন্তকারী অফিসারকে মেসেজ করেছি। কিন্তু, তিনি সেই মেসেজের কোনও উত্তর দেননি।’ নির্যাতিতার মা জানিয়েছেন, ‘প্রথমে সবাই আমাদের হয়ে মুখ খুলেছিল। কিন্তু, বুঝে গিয়েছি আদতে আমাদের সঙ্গে কেউ নেই। যা করার এবার আমাদেরকেই করতে হবে। তাই আমরা আলাদাভাবে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছি।’ অভয়ার পরিবারের বক্তব্যে একথা স্পষ্ট আর জি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ তাঁরা।



