সংবাদদাতা, সিউড়ি: এবার জেলা থেকে শিক্ষারত্ন পেতে চলেছেন লাভপুর ব্লকের মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ, বৃহস্পতিবার কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে তাঁর হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেওয়া হবে। ২০২৪ সালে বিকাশ ভবনের পক্ষ থেকে শিক্ষারত্ন হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। বীরভূমের লাভপুর ব্লকের চৌহাট্টা গ্রামের বাসিন্দা কাঞ্চনবাবু। ১৯৯৯ সালে তিনি সহ শিক্ষক হিসাবে লাভপুর ব্লকের সাষপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ২০০৭ সালে তিনি লাভপুরের মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে ২০১৩ সালে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার পান। স্কুল ও এলাকা সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে তিনি যোগদানের পর থেকেই একাধিক পদক্ষেপ করেছিলেন। যেমন, স্কুলে প্রতিমাসে পড়ুয়াদের জন্মদিন পালন করা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে পড়াশোনা করা ইত্যাদি। স্কুলের প্রতিটি রুমে সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে। এছাড়া, স্কুলের ছাত্রীদের নিয়ে মহিলা ফুটবল দল গঠন করা, স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে মার্বেল, কিতকিতের মতো আঞ্চলিক খেলা শুরু করেছিলেন। এমনকি গ্রীষ্মের মরশুমে পড়ুয়াদের যাতে শারীরিক সমস্যা না হয়, তার জন্য ‘ওয়াটার বেল’ প্রথাও চালু করেছিলেন। তার এই ধরনের নানা পদক্ষেপ গ্রামবাসীদের মাঝে তো বটেই, আশেপাশের এলাকাতেও তাঁকে খুবই জনপ্রিয় করেছে। এলাকাবাসীদের থেকে জানা গিয়েছে, মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয় মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত। সেই জায়গায় স্কুল পড়ুয়াদের স্কুলমুখী করাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই তিনি স্কুলে একাধিক পদক্ষেপ করেছিলেন। যা প্রশংসা কুড়িয়েছিল এলাকাবাসী ও শিক্ষক সমাজের কাছে থেকে। এই সমস্ত কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। তবে এর আগেও তাঁকে একাধিকবার সম্মানিত করা হয়েছে। করোনাকালে মানুষকে সচেতন করার জন্য জেলা পুলিসের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়। তাঁকে মুম্বইয়ের একটি ট্রাস্টের পক্ষ থেকেও শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়। কাঞ্চন বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এই পুরস্কার তাঁর বাবাকে উৎসর্গ করছেন। এছাড়া, তিনি পুরস্কার বাবদ প্রাপ্ত অর্থ স্কুলের উন্নয়নের কাজে লাগাবেন। তবে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে কাঞ্চনবাবুর পাশাপাশি আরও ১৫ জন পড়ুয়াকে বুধবার কলকাতা নিয়ে যাওয়া হল। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবস উপলক্ষ্যে যে অনুষ্ঠান রয়েছে সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার কৃতি ছাত্রদের সংবর্ধনা দেওয়া হবে। সেই মতো এ জেলা থেকে ১৫ জন যাচ্ছে। তাদের মধ্যে ৯ জন মাধ্যমিক পরীক্ষার মেরিট লিস্টে ১ থেকে ১০ এর মধ্যে রয়েছে। আর পাঁচ জন উচ্চ মাধ্যমিক এবং একজন হাই মাদ্রাসার পরীক্ষায় ১ থেকে ১০ এর মধ্যে রয়েছে। কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। -নিজস্ব চিত্র



