সংবাদদাতা, বসিরহাট: জরাজীর্ণ দশায় বাদুড়িয়ার পুঁড়ো খেয়াঘাট। বাদুড়িয়া ব্লকে ইছামতীর এই খেয়াঘাট দিয়ে রোজ কয়েক হাজার মানুষ পারাপার করে। তবুও এই ঘাটে নেই কোনো আধুনিক যাত্রী সুরক্ষার ব্যবস্থা। নদীর দুই পাড়ে নেই কোনো স্থায়ী কংক্রিট বা লোহার প্ল্যাটফর্ম। একটি নৌকার মাধ্যমে চলে পারাপার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর এই ঘাটেই অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলে নৌকাডুবি হয়েছিল। সেবার কোনোরকমে প্রাণে বাঁচেন যাত্রীরা। এই বিষয়ে এক যাত্রী স্বপন মণ্ডল বলেন পঞ্চায়েত থেকে একটি বাঁশের পাড়াং করা হয়েছিল। কিন্তু সেটি এতটাই দুর্বল ছিল যে, একটি জোয়ারও সহ্য করতে পারেনি। সেটি ভেঙে যাওয়ার পরে পঞ্চায়েতের তরফেও আর কোনো খোঁজখবর নেওয়া হয়নি। ফলে মেদিয়া, কঁকড়াসূতি, কুলিয়া ইত্যাদি এলাকার ছাত্রছাত্রীদের কাদা মেখে স্কুল ও কলেজ যেতে হচ্ছে। নাজেহাল অন্য বাসিন্দারাও।



