Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁচা রাস্তা পাকা করার দাবি স্থানীয়দের, বেঞ্চ পেতে বিক্ষোভ ইসলামপুরে

বর্ষার মরশুমে কাঁচা রাস্তায় জমছে জল। ভরেছে কাদায়। সেই বেহাল রাস্তা দিয়েই চলতে হচ্ছে স্কুল, কলেজ কিংবা অফিসে। বেহাল রাস্তায় চলতে গিয়ে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের।

কাঁচা রাস্তা পাকা করার দাবি স্থানীয়দের, বেঞ্চ পেতে বিক্ষোভ ইসলামপুরে
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: বর্ষার মরশুমে কাঁচা রাস্তায় জমছে জল। ভরেছে কাদায়। সেই বেহাল রাস্তা দিয়েই চলতে হচ্ছে স্কুল, কলেজ কিংবা অফিসে। বেহাল রাস্তায় চলতে গিয়ে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। ইসলামপুর পুরসভার ১৩ নং ওয়ার্ডের শান্তিনগরের রায়পাড়ায় এই অব্যবস্থায় বাসিন্দারা ক্ষুব্ধ। পাকা রাস্তার দাবিতে শনিবার প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলারকে বারবার সমস্যার কথা জানিয়েও কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে এদিন তাঁরা রাস্তা আটকে বিক্ষোভে শামিল হন।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তাটি রেলের জমিতে। শান্তিনগর থেকে আলিনগর রেল লেভেল ক্রসিং এলাকা পর্যন্ত রাস্তাটি প্রায় ৫০০ মিটারের। পুরোটাই কাঁচা। এবার অর্ধেক রাস্তা ঢালাই করেছে পুরসভা। বাকিটুকু কাঁচাই রয়েছে। ওই রাস্তার ধারেই রায়পাড়া। বর্ষার দিনে কাঁচা রাস্তার কারণে দুর্ভোগের শিকার বাসিন্দারা।
বিক্ষোভকারী ইন্দ্রনীল মুখোপাধ্যায় বলেন, অর্ধেক রাস্তার কাজ হয়েছে। কিন্তু রায়পাড়া এলাকায় রাস্তার কাজ কেন করা হচ্ছে না? আরেক বাসিন্দা মুন্নি মাহাত বলেন, কাদার জন্য পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না। বাইক, টোটো উল্টে যাচ্ছে।
এদিন মহিলারা রাস্তায় বেঞ্চ পেতে বিক্ষোভ দেখান। স্থানীয় কাউন্সিলার অসিত সেন বলেন, পুরসভা থেকে যখন যেমন ফান্ড পাচ্ছি, তা দিয়ে উন্নয়নের কাজ করছি। ফান্ড পেলে রায়পাড়া এলাকার রাস্তাটির কাজ করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ