Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্নমানের সামগ্রী! বিদ্যালয় ভবন তৈরি রুখলেন স্থানীয়রা

নিম্নমানের সামগ্রী! বিদ্যালয় ভবন তৈরি রুখলেন স্থানীয়রা
  • ১০ মার্চ, ২০২৫ ০৩:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারি টাকায় বিদ্যালয়ের ভবন নির্মাণ হচেছ। সেই কাজে বেনিয়মের অভিযোগে নির্মাণ শ্রমিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, কাজও বন্ধ করে দিলেন তাঁরা। 

Advertisement

বারাসত ২ নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েতের মোচপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই বিদ্যালয়ে প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। পড়ুয়ার সংখ্যা ২২৪। বিদ্যালয় রয়েছে ছ’টি কক্ষ ও আটজন শিক্ষক। বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা তুলনামূলক বেশি থাকায় মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ড থেকে সাড়ে ১০ লক্ষ টাকা ব্যয় করে ভবনের দ্বিতল নির্মাণের কাজ চলছিল। সেই মতো ছাদ ঢালাইয়ের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়। এলাকার মানুষ দাবি করেন, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। বরাত পাওয়া ঠিকাদার সঠিকভাবে কাজ করছেন না। বালি, ইট, স্টোনচিপস বা লোহার রড সঠিকভাবে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে ঠিকাদার সংস্থাকে বলা হলেও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে রবিবার কাজ বন্ধ করে দেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা আব্বাস আলি বলেন, ‘সাড়ে ১০ লক্ষ টাকার কাজ হচ্ছে। অথচ যেসব ইমারতি সামগ্রী ব্যবহার হচ্ছে, তা একেবারেই নিম্নমানের। এই ঘর বেশি দিন টেকসই হবে না। ছাত্রছাত্রীদের যে কোনও সময় বিপদ ঘটতে পারে। তাই আগেভাগ আমরা সরব হয়েছি।’ আরেক অভিভাবক শামসুর আলি বলেন, ‘প্রথমের দিকে আমরা এটা ততটা গুরুত্ব দিইনি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই দেখছি নিম্নমানের সামগ্রী বেশি করে ব্যবহার করা হচ্ছে। সরকারি কাজে বেনিয়ম হচ্ছে বলেই আমাদের মত। তাই সঠিকভাবে কাজের দাবিতে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। বাচ্চারা এখানে পড়াশোনা করার সময় বিপদ হলে তার দায় কে নেবে?’ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনও মন্তব্য করতে চাননি। কাজের বরাত পাওয়া ঠিকাদারকে ফোন করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ