Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যুৎ বিভ্রাটে দীর্ঘক্ষণ বন্ধ লোকাল ট্রেন, হাওড়া-বর্ধমান মেইন ও ব্যান্ডেল-নৈহাটি শাখায় ভোগান্তি যাত্রীদের

লোকাল ট্রেনের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ার জেরে বন্ধ হয়ে গেল পরিষেবা। রবিবারের ওই ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে হাওড়া থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি ও হাওড়া-বর্ধমান মেইন শাখার যাত্রীদের।

বিদ্যুৎ বিভ্রাটে দীর্ঘক্ষণ বন্ধ লোকাল ট্রেন, হাওড়া-বর্ধমান মেইন ও ব্যান্ডেল-নৈহাটি শাখায় ভোগান্তি যাত্রীদের
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: লোকাল ট্রেনের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ার জেরে বন্ধ হয়ে গেল পরিষেবা। রবিবারের ওই ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে হাওড়া থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি ও হাওড়া-বর্ধমান মেইন শাখার যাত্রীদের। রবিবার প্রায় পৌনে ১০টা নাগাদ হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মধ্যবর্তী এলাকার ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ চলে যায়। তাতেই ব্যান্ডেলমুখী একটি লোকাল ট্রেন ওই দুই স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে। তারপরে দীর্ঘ দু-ঘণ্টা ওই রুটে কোনো ট্রেন চলতে পারেনি। একইভাবে ব্যান্ডেল থেকে নৈহাটি অভিমুখী একাধিক লোকাল ট্রেন ও হাওড়া-বর্ধমান রুট ব্যবহারকারী একাধিক এক্সপ্রেস ট্রেনও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

Advertisement

এদিন রবিবার হওয়ায় হাওড়া-হুগলির লাইফ লাইনে যাত্রীদের চাপ কম ছিল। তারপরেও তীব্র ভোগান্তি হয়েছে নিত্যযাত্রীদের। বিশেষ করে সবজি বিক্রেতা থেকে পাইকারি ব্যবসায়ী, পরিচারিকার কাজ করা যাত্রীদের সমস্যায় পড়তে হয়। অন্যকোনো কাজের দিন হলে পরিস্থিতি কী দাঁড়াত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, নিত্যযাত্রীদের একাংশের দাবি, রেলকর্তারা পরিস্থিতির সংকেত বুঝতে পারছেন না বা চাইছেন না। গত ছ-মাসে হুগলি-হাওড়া শাখায় লাগাতার ওভারহেড তারে অগ্নিকাণ্ড বা তার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেসবই পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিত ছিল। সেসবের প্রেক্ষিতে সঠিক পদক্ষেপ করলে রবিবারের ভোগান্তি এড়ানো যেত। এদিন শেওড়াফুলিতে আটকে পড়েছিলেন সবজি ব্যবসায়ী মিনতি দাস। নিত্যযাত্রী ওই মহিলা বলেন, লাগাতার ওভারহেড তারে সমস্যা হচ্ছে। রেলকর্তৃপক্ষ স্থায়ী সমাধান কেন করছে না বুঝতে পারছি না। চুঁচুড়ার নিত্যযাত্রী রঘুনাথ ঘোষ বলেন, রেলের যাত্রী সুরক্ষার বিষয়টি রীতিমতো উপেক্ষা করা হচ্ছে। হুগলিতে রেলই লাইফ লাইন। সেখানে বারবার লোকাল ট্রেনে একইরকম বিভ্রাট হচ্ছে। রেল নাকি আধুনিক হচ্ছে! যদিও রেল দপ্তর, হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া, নৈহাটি-ব্যান্ডেল শাখায় বিভ্রাটের কথা স্বীকার করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে ওভারহেড ইকুইপমেন্ট সার্কিটে গোলযোগের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওই ঘটনা ঘটে। পরিস্থিতির কারণে সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি, রেলের দাবি, সাড়ে ১০টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। যদিও ভুক্তভোগী যাত্রীদের দাবি, এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক হয়নি। তারপরেও ট্রেনগুলি দেরিতে চলার কারণে সমস্যা হয়েছে।
যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, সাড়ে ৯টা নাগাদ হুগলি ও ব্যান্ডেলের মাঝে একটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। তারপরেই একে একে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যেতে শুরু করে। কিছু সময় পরে প্রকাশ্যে আসে যে, ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ মিলছে না। ততক্ষণে যাত্রীমহলে হাহাকার পড়ে গিয়েছে।

সম্পর্কিত সংবাদ