Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লালবাজারে ড্রাইভার বাড়ন্ত ভরসা হোমগার্ড, সিভিকরাই

লালবাজারে ড্রাইভার বাড়ন্ত ভরসা হোমগার্ড, সিভিকরাই
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বরাবরই প্রয়োজনের তুলনায় কলকাতা পুলিসে ড্রাইভার কম। চটজলদি নিয়োগের সম্ভeবনাও তেমন নেই বললেই চলে। এই পরিস্থিতিতে বাহিনীতে ড্রাইভারের অভাব সামাল দিতে তড়িঘড়ি পদক্ষেপ করল লালবাজার। উল্লেখ্য, শূন্যপদ অনুসারে সব সময় কলকাতা পুলিসে ড্রাইভার নিয়োগ করা হয় না। ফলে বরাবর ড্রাইভারের অভাব থেকে যায় বাহিনীতে। অধিকাংশ সময় ড্রাইভিং জানা সিভিক, হোমগার্ডের পাশাপাশি চুক্তিভিত্তিক অস্থায়ী ড্রাইভার দিয়ে কাজ চালানো হয়। ফলে সাম্প্রতিক অতীতেও একাধিকবার সিভিক ও হোমগার্ডদের ট্রেনিং দিয়ে কাজ চালানো হয়েছে। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার-১ ডি পি সিংয়ের নির্দেশে ডিসি (হোমগার্ড) পার্থসারথি বিশ্বাস কলকাতা পুলিসের সমস্ত ইউনিটে কর্মরত হোমগার্ড, সিভিক ভলান্টিয়ারদের মধ্যে থেকে ড্রাইভারের কাজ করতে ইচ্ছুকদের নামের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। কলকাতা পুলিসের সমস্ত ডিসিদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এই তালিকা তৈরি করে পাঠাতে বলা হয়েছে। তারপর এই তালিকা ধরে যোগ্য প্রার্থীদের বাছাই করে ট্রেনিংয়ে পাঠাবে লালবাজার। ট্রেনিং শেষে কলকাতা পুলিসের থানা, ফাঁড়ি, গোয়েন্দা বিভাগ, ট্রাফিকের মতো বিভিন্ন ইউনিটে এই ড্রাইভারদের পাঠানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ