Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লেকটাউনে নিগ্রহ দম্পতিকে, ধৃত ৩

লেকটাউনে নিগ্রহ দম্পতিকে, ধৃত ৩
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কালীপুজোর আলোকসজ্জা খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল লেকটাউনে। যে ইলেকট্রিশিয়ানরা  আলোকসজ্জা খুলছিলেন, তাঁদের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ তুলেছেন স্থানীয় এক মহিলা। তাঁর স্বামী প্রতিবাদ করলে, তাঁকে মারধরও করা হয় বলেও অভিযোগ। মহিলা বাধা দিতে গেলে আক্রান্ত হন তিনিও। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত তিনজন ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিস। যদিও ধৃতদের দাবি, পুজো শেষ হয়ে গিয়েছিল। তাই তাঁরা আলোকসজ্জা খুলছিলেন। কিন্তু, কয়েকজন খুলতে বারণ করেছিলেন। তা নিয়েই বচসা হতেই তাঁদেরকে ধরে মারধর করা হয়েছে। পুলিস জানিয়েছে, দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে লেকটাউন থানার মাইকেলনগর এলাকায়। ধৃত ইলেকট্রিশিয়ানদের বাড়ি কাঁকিনাড়ায়। তাঁরা কালীপুজো উপলক্ষ্যে ওই এলাকায় স্থানীয় একটি পুজোর আলোকসজ্জার কাজ করেছিলেন। পুজো শেষ হওয়ার পর তা খুলে নেওয়ার কথা ছিল। সেই মতো ওইদিন ইলেকট্রিশিয়ানরা কাঁকিনাড়া থেকে এসে আলোকসজ্জা খুলছিলেন। কিন্তু, সেই আলো আরও কয়েকদিন রাখতে বলেন কয়েকজন। কিন্তু, শ্রমিকরা রাজি হননি। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। মহিলার অভিযোগ, তখনই ওই শ্রমিকরা তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। তাঁর স্বামী ঘটনাস্থলেই ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেন। তখন ওই ইলেকট্রিশিয়ানরা তাঁর স্বামীর উপরেই চড়াও হন বলে অভিযোগ। তাঁকে মারধর করা হয়।  মহিলা স্বামীকে রক্ষা করতে গেলে তাঁকেও নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। তিনি শ্লীলতাহানিরও শিকার হন। ওইদিনই তিনি লেকটাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস দ্রুত ব্যবস্থা নেয়। তিনজন ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ওইদিনই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লেকটাউনের বিসর্জন ঘাটে উত্তেজনা ছড়ায়। পুলিস জানিয়েছে, বিসর্জনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিসর্জনের সময় যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য আগে থেকেই পুলিস মোতায়েন করা ছিল। মারপিট হচ্ছে দেখেই পুলিস সঙ্গে সঙ্গে থামাতে যায়। দু’পক্ষের অনেকেই মদ্যপ অবস্থায় ছিল। দু’পক্ষকে সামাল দিতে গিয়ে পুলিস আক্রান্ত হয়। তবে, কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষকে নিয়ন্ত্রণে আনা হয়। গণ্ডগোল পাকানো এবং পুলিসের উপর এই হামলার ঘটনাতেও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, কালীপুজোর সময় নিউটাউনের গোবিন্দনগরে দু’জনকে মারধর করার অভিযোগ উঠেছিল। তা নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার থানায় গিয়ে দাবি জানান স্থানীয়রা।
সম্পর্কিত সংবাদ