Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লেকটাউন কাণ্ড: গ্রেপ্তার পাশের ফ্ল্যাটের ৩ বাসিন্দা

লেকটাউন কাণ্ড: গ্রেপ্তার পাশের ফ্ল্যাটের ৩ বাসিন্দা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লেকটাউনের দক্ষিণদাঁড়ি রোডে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় পাশের ফ্ল্যাটের নাবালিকার মা, দাদু ও দিদিমাকে গ্রেপ্তার করল পুলিস। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে মৃত ছাত্রীর পরিবার। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে নিজেদের ফ্ল্যাটে আত্মঘাতী হন নবম শ্রেণির ছাত্রী স্বস্তিকা সাউ (১৪)। অভিযোগ, কালীপুজোর সময় আবাসনের মধ্যে বাজি ফাটাচ্ছিল তাদের পাশের ফ্ল্যাটের বাসিন্দা এক নাবালিকা। স্বস্তিকার বাবা তা নিয়ে প্রতিবাদ করেছিলেন। তখন তাঁর বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হয়। প্রতিবেশী নাবালিকার অভিযোগে ‘পকসো’ মামলায় পুলিস স্বস্তিকার বাবা বিরজু সাউকে গত ২ নভেম্বর গ্রেপ্তার করে। বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অপমানে স্বস্তিকা আত্মঘাতী হয়েছে বলে দাবি করে তার পরিবার। প্রতিবেশী নাবালিকার পরিবারের সদস্যদের শাস্তির দাবিতে মঙ্গলবার প্রায় পাঁচ ঘণ্টা বিক্ষোভ চলে এলাকায়। পুলিসকে দেহ উদ্ধারেও বাধা দেওয়া হয়।
Advertisement
অভিযোগ, বিরজু সাউ জেলে যাওয়ার পর প্রতিবেশী নাবালিকার মা, দাদু ও দিদিমা স্বস্তিকাকে নানাভাবে টিপ্পনি করত। সেই অপমান মেনে নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেয় সে। মঙ্গলবার রাতে স্বস্তিকার পরিবারের তরফে লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের হয়। তারপরই পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ