সংবাদদাতা, রামপুরহাট: মদ বিক্রিতে রেকর্ড করল বীরভূম। তারাপীঠে কৌশিকী অমাবস্যার তিনদিনে মদ বিক্রি করে ব্যাপক লক্ষ্মীলাভ হল আবগারি দপ্তরের। গত বৃহস্পতি, শুক্র ও শনিবার মিলিয়ে প্রায় প্রায় সাড়ে চার কোটি টাকার মদ বিক্রি হয়েছে। গতবারের তুলনায় যা প্রায় ৬০ লক্ষ টাকা বেশি। তবে ব্যাপক বৃষ্টির জেরে আবহাওয়া পরিবর্তনের কারণে এবার বিয়ার বিক্রি অনেকটাই কম হয়েছে। এদিকে ব্যাপক ভক্ত সমাগমে মুখে চওড়া হাসি হোটেল ব্যবসায়ীদের। এবার শুক্র ও শনিবার কৌশিকী অমাবস্যা তিথি এবং পরেরদিন রবিবার হওয়ায় ব্যাপক ভক্ত সমাগম হয়। বৃহস্পতিবার বিকেল থেকেই পর্যটকরা আসতে শুরু করেন। শুক্রবার তিথি শুরু হতেই লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে তারাপীঠে। প্রশাসনের দেওয়া হিসেব অনুযায়ী, এবছর পাঁচ লক্ষের বেশি ভক্ত সমাগম ঘটেছিল। তাতেই এবার ব্যাপক মদ বিক্রি হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের মনসুবা মোড় থেকে তারাপীঠের বেসিক মোড় পর্যন্ত ২৫টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানই সারারাত খুলে রাখা হয়েছিল। এবার সবকটি কাউন্টার মিলিয়ে তিনদিনে চার কোটি ৪৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। গতবার ৩ কোটি ৮৫ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছিল। অর্থাৎ এক লাফে ৫৯ লক্ষ টাকার বিক্রি বেড়েছে। এক মদ ব্যবসায়ী বলেন, কৌশিকী অমাবস্যায় বিহার ও ঝাড়খণ্ড থেকে হাজার হাজার ভক্ত আসেন। বিহারে মদ নিষিদ্ধ। লাগোয়া ঝাড়খণ্ডে মদ মিললেও পশ্চিমবঙ্গের মদ গুণমানে এগিয়ে। আর এতেই বিহার ও ঝাড়খণ্ড থেকে পুজো দিতে আসা অনেকেই ফেরার সময় তারাপীঠ থেকে মদ কিনে নিয়ে গিয়েছেন। তাতেই বিক্রি বৃদ্ধি পেয়েছে।



