নিজস্ব প্রতিনিধি কলকাতা: আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিং জেলার উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দার্জিলিং ছাড়াও লাগোয়া আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি প্রভৃতি জেলায় কোথায় কোথাও হালকা বৃষ্টি হতে পারে এইসময়ে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পশ্চিম হিমালয় ও লাগোয়া এলাকায় থাকা পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত এবং পাহাড় ও লাগোয়া জায়গায় হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও অবশ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শীতের মাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। খুব একটা কমবে না বা বাড়বে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৬ ডিগ্ৰি অতিক্রম করে। আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১৫ ডিগ্রির আশপাশে আসতে পারে।



