Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাংলায় জীবন বিমা ক্রয়ের হার সারা দেশের তুলনায় বেশি, দাবি সমীক্ষায়

জীবনবিমা প্রকল্প কেনার ক্ষেত্রে দেশের অন্যান্য প্রান্তের তুলনায় এগিয়ে আছে বাংলার মানুষ। একটি সাম্প্রতিক সমীক্ষায় এমনই তথ্য উঠে এল। দেশের সবক’টি জীবন বিমা সংস্থার যৌথ মঞ্চ লাইফ ইনস্যুরেন্স কাউন্সিলের তরফে অনুষ্ঠিত সমীক্ষা বলছে, জীবনবিমা প্রকল্প কেনার ক্ষেত্রে দেশের গড় হার ৩৮ শতাংশ।

বাংলায় জীবন বিমা ক্রয়ের হার সারা  দেশের তুলনায় বেশি, দাবি সমীক্ষায়
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জীবনবিমা প্রকল্প কেনার ক্ষেত্রে দেশের অন্যান্য প্রান্তের তুলনায় এগিয়ে আছে বাংলার মানুষ। একটি সাম্প্রতিক সমীক্ষায় এমনই তথ্য উঠে এল। দেশের সবক’টি জীবন বিমা সংস্থার যৌথ মঞ্চ লাইফ ইনস্যুরেন্স কাউন্সিলের তরফে অনুষ্ঠিত সমীক্ষা বলছে, জীবনবিমা প্রকল্প কেনার ক্ষেত্রে দেশের গড় হার ৩৮ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গে প্রতি ১০০ জনে ৪০ জন অন্তত একটি হলেও জীবন বিমা পলিসি কিনেছেন।

Advertisement

সমীক্ষাটি জানাচ্ছে, এরাজ্যে যাঁরা জীবন বিমা প্রকল্প কিনেছেন, তাঁদের ৫২ শতাংশই পলিসিটি ন্যূনতম ছ’বছর ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাঁরা দীর্ঘমেয়াদে বিমার সুফল লাভে বিশ্বাসী। এরাজ্যের জীবন বিমা ক্রেতাদের অর্ধেকের বেশিই মনে করেন, বিমা আসলে সঞ্চয়েরই একটি হাতিয়ার। অর্থাৎ শুধু মৃত্যুকালীন আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার আশায় তাঁরা বিমা কেনেননি। ৫১ শতাংশ মানুষ মনে করেন, তাঁর কেনা পলিসিটি সঞ্চয়েরই হাতিয়ার। ৬৬ শতাংশ মানুষ দাবি করেছেন, তাঁরা আগামী দিনে এমন কোনও জীবন বিমা পলিসি কিনতে চান, যা তাঁদের একদিকে মৃত্যুকালীন ক্ষতিপূরণের দিকটি দেখবে, অন্যদিকে সঞ্চয় হিসেবেও কাজে লাগবে। এরাজ্যের যে বাসিন্দাদের উপর সমীক্ষাটি করা হয়েছে, তাঁদের ২৫ শতাংশ দাবি করেছেন, আগামী তিনমাসের মধ্যে তাঁরা নতুন একটি জীবন বিমা পলিসি কিনবেন।
যাঁরা ইতিমধ্যেই জীবনবিমা প্রকল্প কিনেছেন বা আগামী দিনে কিনতে চান, তাঁদের মূল উদ্দেশ্যই পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করা, দাবি করা হয়েছে সমীক্ষায়। ৬০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা জীবনে সবচেয়ে আগে প্রাধান্য দিতে চান পরিবারকে। সেই কারণেই তাঁরা বিমা কিনেছেন। যাঁরা বিমা পলিসি কিনবেন বলে ভাবনাচিন্তা করছেন, তাঁদের ৬৮ শতাংশই মনে করেন, পরিবারের সুরক্ষার কারণেই তাঁরা এখানে বিনিয়োগ করতে চান। সাধারণ মানুষের মধ্যে যাতে আরও বেশি করে জীবন বিমা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পায়, তার জন্য আলাদা করে প্রচার পর্ব চালাবে লাইফ ইনস্যুরেন্স কাউন্সিল, দাবি করেছেন সংস্থার কর্তারা। আগামী তিনবছরে ওই প্রচার পর্বে দেড়শো কোটি টাকা খরচ হতে পারে। জানাচ্ছেন তাঁরা।

সম্পর্কিত সংবাদ