Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে বামেদের শরিকি বিবাদ, সিপিএমের পালটা দেওয়াল লিখন ফব’র

কাস্তে–হাতুড়ির সঙ্গ ছেড়েছে ‘হাত’। এখনও সমঝোতা হয়নি আইএসএফের সঙ্গেও। এই পরিস্থিতিতে রানিনগরে শুরু বামেদের শরিকি দ্বন্দ্ব।

রানিনগরে বামেদের শরিকি বিবাদ, সিপিএমের পালটা দেওয়াল লিখন ফব’র
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: কাস্তে–হাতুড়ির সঙ্গ ছেড়েছে ‘হাত’। এখনও সমঝোতা হয়নি আইএসএফের সঙ্গেও। এই পরিস্থিতিতে রানিনগরে শুরু বামেদের শরিকি দ্বন্দ্ব। কংগ্রেস, তৃণমূলের দেখাদেখি সিপিএম দেওয়ালে নিজেদের প্রতীক আঁকতেই পাল্টা নিজেদের প্রতীক এঁকে দেওয়াল লিখল ফরওয়ার্ড ব্লকও। ভোটের আগে শরিকি বিবাদ সামনে আসতেই এলাকায় শোরগোল পড়েছে। কটাক্ষ শুরু করতে দেরি করেনি তৃণমূলও।

Advertisement

প্রসঙ্গত, বাম জমানার শেষদিকে মুর্শিদাবাদ বিধানসভা ভেঙে তৈরি হয় রানিনগর বিধানসভা। ২০১১ সালে ওই বিধানসভায় মূল লড়াই হয়েছিল কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে। মাত্র ১০৮৯ ভোটের ব্যবধানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী মাকসুদা বেগমকে হারিয়ে জয়লাভ করেন তৎকালীন তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম। এরপর ২০১৬ সালের নির্বাচনে বামফ্রন্টের সমর্থনে ওই আসনে জয়ী হয় কংগ্রেস। ২০২১ সালে অবশ্য বাম-কংগ্রেস জোট সত্ত্বেও জয় পেয়েছিল তৃণমূল। এরপর ধীরে ধীরে বদলাতে থাকে রাজনৈতিক সমীকরণ। গত নির্বাচনে যাদের মধ্যে সখ্যতা ছিল, সেই বামেদের সঙ্গেই জোট ভেঙেছে কংগ্রেস।
তৃণমূল ও কংগ্রেস উভয় দলই বিধানসভা এলাকার বিভিন্ন দেওয়ালে নিজেদের প্রতীক এঁকে, প্রার্থীর নাম ফাঁকা রেখেই দেওয়াল লিখন শুরু করেছে। এদিকে জোট নিয়ে আলোচনা ও আসনরফা চূড়ান্ত না হওয়ায় সপ্তাহখানেক আগে পর্যন্ত দেওয়াল লেখা শুরু করেনি সিপিএম ও ফরওয়ার্ড ব্লক। এরইমধ্যে সপ্তাহ কয়েক ধরে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে শরিক দলের সমর্থকদের সঙ্গে সিপিএমের টানাপোড়েন শুরু হয়। প্রথমদিকে বিষয়টি সোশ্যাল মিডিয়া পোস্টে সীমাবদ্ধ থাকলেও, অভিযোগ উঠেছে, দিন কয়েক আগে নিজেদের প্রতীক এঁকে দেওয়াল লিখন শুরু করে সিপিএম। আর তারপরেই প্রকাশ্যে চলে আসে সেই বিবাদ। শরিকি বিবাদের ছাপ পড়ে রাস্তায়। দেখা যায়, বামেদের পাল্টা নিজেদের প্রতীক এঁকে দেওয়াল লিখতে শুরু করেছে ফরওয়ার্ড ব্লকও।
ফরওয়ার্ড ব্লকের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক বিভাস চক্রবর্তী বলেন, এটা দুর্ভাগ্যজনক। রাজ্যস্তরের নির্দেশে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বামফ্রন্টের কোনো দল তাঁদের প্রতীকে দেওয়াল লিখতে পারেনা। অথচ রানিনগরে আগেভাগেই ফেসবুকে শরিকি দলকে কটূক্তির পাশপাশি সিপিএমের তরফে তাঁদের প্রতীক দিয়ে দেওয়াল লিখন শুরু হল। ওঁদের এই হঠকারিতা দেখেই তার প্রতিবাদে আমাদের দলের কয়েকজন আবেগের বশে দেওয়াল লিখেছে। তাঁদের কোনো নির্দেশ আমরা দিইনি। আর রাজ্য থেকে ওই আসনে যে দলকে লড়াই করার নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব।
যদিও সিপিএমের ইসলামপুর এরিয়া কমিটির সম্পাদক সারওয়ার্দি মণ্ডল বলেন, এটা বড় কিছু নয়। নির্বাচনে এগিয়ে আসছে, দেওয়াল তো লিখতেই হতো। তাই হয়তো কেউ কেউ করেছে। তবে রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে আমরা সেই অনুযায়ী কাজ করব। রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন বলেন, বামফ্রন্টের রাজনৈতিক অস্তিত্ব শূন্যে ঠেকেছে। তাই শুধুমাত্র নির্বাচনে লড়াই করার জন্য একবার এই দল, একবার ওই দলকে গিয়ে ধরছে। এত দলকে নিয়ে চলতে গিয়ে এখন ওদের নিজেদের মধ্যেই কাজিয়া শুরু হয়ে গিয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ