নয়াদিল্লি: হাজত থেকে বের হতেই ফুলের মালায় বরণ। পুষ্পবৃষ্টি। কেউ কেউ পা ছুঁয়ে আর্শিবাদও নিলেন। তারপর অনুরাগীদের কাঁধে চড়ে বাড়িতে ফিরলেন ধর্ষণে অভিযুক্ত হিন্দু যুব বাহিনীর প্রাক্তন সদস্য সুশীল প্রজাপতি। তাঁর মুক্তি ঘিরে রীতিমতো উৎসব মেতে উঠতে দেখা যায় অনুরাগীদের। সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। নানা মহলে নিন্দার ঝড় উঠেছে।
এক আইনের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত সুশীল। এক আইনজীবীর সঙ্গে পরিচয় করানোর অছিলায় ছাত্রীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সেই ঘটনাতেই ৯ মাস হাজতে ছিলেন অভিযুক্ত সুশীল। গত ১৭ মে জামিনে জেল থেকে মুক্তি পায় সে। জেল থেকে বের হতেই সুশীলকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস করতে দেখা যায় সমর্থকদের। ধর্ষণে অভিযুক্তের পক্ষে স্লোগান দিয়ে ভিক্ট্রি সাইনও দেখায় তারা। ‘বিশেষ’ এই মুহূর্ত মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন সুশীলের সমর্থকরা। একজন ধর্ষণে অভিযুক্তকে ঘিরে এই উচ্ছ্বাস নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মী থেকে সাধারন মানুষরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিয়োগুলি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। ছবি সমাজমাধ্যম