মালদহ টাউন স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপ। দিল্লি থেকে আসা ফরাক্কা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্ট থেকে কচ্ছপগুলি বাজেয়াপ্ত করে জিআরপি। পাঁচটি মুখবন্ধ বস্তায় কচ্ছপগুলি রাখা ছিল। মোট ২৬৮টি কচ্ছপ উদ্ধার হয়েছে। সেগুলির মধ্যে প্রায় ৯০টি কচ্ছপ মৃত ছিল। দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কচ্ছপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছিল বলে অনুমান রেল পুলিসের। কচ্ছপগুলিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। জীবিত কচ্ছপগুলিকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদপ্তর। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।



