সংবাদদাতা, ফালাকাটা: বিজেপির ঝান্ডা পুঁতে তাঁর পৈতৃক জমি দখলের অভিযোগ তুলে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ির বাসিন্দা মানস মিত্র। অভিযোগ, গত ২৩ আগস্ট স্থানীয় কয়েকজন বিজেপি নেতা তাঁদের পরিবারের দখলে থাকা জমিতে ঢুকে দলীয় কার্যালয় তৈরির উদ্যোগ নেন। এই ঘটনায় এর আগে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ই-মেল মারফত অভিযোগ জানিয়েছিলেন তিনি। এক সপ্তাহ কেটে গেলেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না হওয়ায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কাছে ই-মেল করে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান তিনি।
মুখ্যমন্ত্রীকে পাঠানো অভিযোগপত্রে মানস মিত্র দাবি করেছেন, তাঁর মা গোলাপ মিত্র বিধবা এবং গুরুতর স্ট্রোকের পর বর্তমানে কোমায় রয়েছেন। মায়ের চিকিৎসার কারণে তিনি দূরে থাকায় সেই সুযোগেই জমি দখলের চেষ্টা হয়েছে। তাঁদের পরিবার ৩০ বছরেরও বেশি সময় ধরে ওই জমি ভোগদখল করে আসছে বলেও দাবি তাঁর। জমির খাজনার রসিদ ও পরিবারের নামে বিদ্যুৎ সংযোগের নথি থাকার কথাও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, অবৈধ কার্যকলাপ বন্ধ করে জমির দখল ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।
যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির ফালাকাটা ৩ নম্বর মণ্ডল সভাপতি রণজিৎ মুণ্ডা বলেন, ওই জায়গাটি জেলা পরিষদের। ফাঁকা জায়গা হওয়ায় সেখানে দলীয় কার্যালয় করা হবে। তবে নির্মাণের আগে জেলা পরিষদের অনুমতি নেওয়া হবে। যদিও জেলা পুলিশ প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।