নয়াদিল্লি ও পাটনা: বিহারে সামনেই বিধানসভা ভোট। তার আগে লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের বিরুদ্ধে জমির বদলে রেলে চাকরির মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। বুধবার দিল্লির এক আদালতে তদন্তকারী সংস্থা জানিয়েছে, যারা নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, তাদেরও গ্রুপ-ডি পদে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। তার বদলে চাকরি প্রাপকরা বাজারদরের থেকে ৬০ শতাংশ সস্তায় জমি বিক্রি করেছেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ ও তাঁর পরিবারের সদস্যদের। টাকার হাতবদল হয়েছে নগদে।
সিবিআইয়ের হয়ে সওয়াল করতে গিয়ে এদিন বিশেষ সরকারি আইনজীবী ডি পি সিং আদালতে বলেন, ‘সই, ট্রান্সফার সার্টিফিকেট থেকে মার্কশিট— সব জাল। চাকরির আবেদনে এইসব প্রার্থীরা স্কুলের যে নাম উল্লেখ করেছিলেন, সেখানে তাঁরা কখনও ভর্তিই হননি। চাকরির যোগ্যতামান ছিল অষ্টম শ্রেণি পাশ। সেজন্যই জাল নথিপত্র তৈরি করা হয়েছিল।’ আদালতে সিবিআই এমন স্কুলের নামও উল্লেখ করেছে, যেখান থেকে জাল নথি ও সার্টিফিকেট তৈরি করা হতো। ঘটনাচক্রে, জমির বদলে চাকরির এই মামলায় নিম্ন আদালতে বিচারের প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল লালু পরিবার। গত ৩১ মে সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। -ফাইল চিত্র