Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় লাইসেন্সহীন গেস্ট হাউস ও হোটেলগুলির তালিকা নিল লালবাজার

কলকাতায় কোন কোন হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স নেই বা লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি তার তালিকা বিভিন্ন ডিভিশন থেকে নিল লালবাজার।

কলকাতায় লাইসেন্সহীন গেস্ট হাউস ও হোটেলগুলির তালিকা নিল লালবাজার
  • ১৯ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় কোন কোন হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স নেই বা লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি তার তালিকা বিভিন্ন ডিভিশন থেকে নিল লালবাজার। যাতে কোনো ঘটনা ঘটলে কার গাফিলতি ছিল নির্দিষ্ট করা যায়। একইসঙ্গে সেই ভিত্তিতে সংশ্লিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।

Advertisement

একবছর আগে জোড়াসাঁকো এলাকার ফল পট্টিতে একটি হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছিল। হোটেলের মালিক সহ একাধিক ব্যক্তি গ্রেপ্তার হন। চার্জশিট জমা পড়ার পর তারা জামিন পান আদালত থেকে। এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করে লালবাজার। সেই মামলার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত জানতে চেয়েছে কলকাতায় হোটেল, গেস্ট হাউসগুলি কতটা নিয়ম মেনে চলছে। এরপর লালবাজারের তরফে সমস্ত ডিভিশনের কাছে শনিবার জানতে চাওয়া হয়, তাদের এলাকায় কতগুলি হোটেল বা গেস্ট হাউস রয়েছে। এরমধ্যে লাইসেন্সহীন অবস্থায় চলছে কতগুলি হোটেল বা গেস্ট হাউস। একইসঙ্গে লাইসেন্স পুনর্নবীকরণ করেনি কারা, সেই সংখ্যা জানাতে বলা হয়। লালবাজারের নির্দেশিকা বলা হয়, পুলিশ লাইসেন্স ছাড়াও পুরসভা, অগ্নিনির্বাপণ দপ্তর সহ অন্য দপ্তরের লাইসেন্স আছে কি না সেটাও উল্লেখ করতে হবে। তারপরই তড়িঘড়ি সমস্ত ডিভিশনের তরফে এই তালিকা  লালবাজারে পাঠানো হয়।
সূত্রের খবর, অধিকাংশ হোটেল বা গেস্ট হাউসের পুলিশ বা অগ্নি নির্বাপণ দপ্তরের লাইসেন্স নেই। আবার অনেকে পুনর্নবীকরণ পর্যন্ত করেনি। সংশ্লিষ্ট হোটেল বা গেস্ট হাউসগুলির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করছে লালবাজার। একই সঙ্গে পুলিশের লাইসেন্স ছাড়া কীভাবে এগুলি চলছে সেই নিয়ে সংশ্লিষ্ট ডিভিশনের আধিকারিকদের কাছেও ব্যাখ্যা তলব করা হচ্ছে বলে জানা গিয়েছে। নিয়ম না মেনে চলা হোটেল বা গেস্ট হাউসগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার গাফিলতি ছিল তার বিস্তারিত নথি শীর্ষ আদালতে জমা দিচ্ছে কলকাতা পুলিশ।

সম্পর্কিত সংবাদ