নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা, আর্মস লাইসেন্স জমা করা, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশ অফিসারদের ট্রেনিংয়ে জোর দিতে বললেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার-৪ পান্ডে সন্তোষ। মঙ্গলবার তিনি এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা পাঠিয়েছেন কলকাতার সব ডিভিশনের ডিসিদের পাশাপাশি কলকাতার ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমারকে।
রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশিত হয়নি। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে কয়েক সপ্তাহ বাকি। এরমধ্যেই অবশ্য ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল কলকাতা পুলিশে। চলতি মাসের ১১ তারিখে এই সংক্রান্ত একটি মিটিং হয়ে গিয়েছে। এই মিটিংয়ের সূত্র ধরে কলকাতা পুলিশের সমস্ত ইউনিটের পুলিশকর্মীদের প্রশিক্ষণ পর্বের পাশাপাশি ভোটের প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দিল লালবাজারের শীর্ষকর্তা। পাশাপাশি ২৭ ফেব্রুয়ারির মধ্যে এই নির্দেশিকা কার্যকর করে লালবাজারে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।