নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকার গঠন হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। কথা ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকেই দিল্লির প্রত্যেক মহিলাকে মাসে ২৫০০ টাকা করে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতিতে সিলমোহর দেওয়া হবে। কিন্তু দিল্লির মহিলা নাগরিকদের অপেক্ষার অবসান হয়নি। দেড় বছর কেটে গেলেও সেই ২৫০০ টাকা দেওয়া হয়নি। উলটে ক্রমেই কারা পাবে এবং কারা পাবে না, সেই খুঁটিনাটি নিয়ম তৈরি করার পর্ব আর শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, একমাত্র দারিদ্রসীমার নীচে থাকা মহিলারাই ওই সরকারি অনুদান পাবে। কিন্তু সেই সিদ্ধান্তেরও বাস্তবায়ন দূর অস্ত। দিল্লি লক্ষ্মী যোজনা প্রসঙ্গে আপাতত নীরব রেখা গুপ্তার সরকার। বরং নতুন প্রকল্প নিয়েই এখন দিল্লি সরকার ব্যস্ত। জানা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচের ঘোষিত প্রকল্প চালু না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া সবুজ সাথীর ধাঁচে দিল্লিতেও দেড় লক্ষ ছাত্রীকে সাইকেল দেওয়ার প্রকল্প নেওয়া হচ্ছে। নবম শ্রেণির ছাত্রীদের এই সাইকেল দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রেও সব স্কুল ছাত্রীকে দেওয়া হবে এমন নয়। আম আদমি পার্টি প্রশ্ন তুলছে, দিল্লির মুখ্যমন্ত্রী আগে জবাব দিন লক্ষ্মী যোজনার কী হল? শুধু নিত্যনতুন টালবাহানা করছে দিল্লি সরকার। মহিলাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বিজেপি। আর কবে চালু হবে ওই মাসে ২৫০০ টাকার প্রকল্প! আম আদমি পার্টির দাবি, স্বয়ং প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দেড় বছর পরও প্রতিশ্রুতি রক্ষা করা গেল না।



