নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান এবং জয় বাংলা পেনশন প্রাপকদের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অর্থদপ্তর সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি কর্মীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশনের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ও জয় বাংলা পেনশনের টাকা পুজোর আগে কোন তারিখে দেওয়া হবে সেই ব্যাপারে অর্থদপ্তর কয়েকদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছিল, সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার ও জয় বাংলা পেনশনের টাকা ১ অক্টোবর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। এই অংশটির সংশোধন করে সোমবার অর্থদপ্তরের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আসলে প্রতিমাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুটি প্রকল্পের সুবিধাপ্রাপকরা টাকা পেয়ে যান। ফলে সেপ্টেম্বর মাসের টাকা তাঁরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। অক্টোবর মাসের টাকাও প্রথম সপ্তাহের মধ্যে যে দেওয়া হবে সেটাই আগের বিজ্ঞপ্তির ওই লাইনটি সংশোধন করে জানিয়েছে অর্থদপ্তর। কারণ এটা না করলে একটা বিভ্রান্তি তৈরি হতো।



