সংবাদদাতা, কাটোয়া: গুসকরায় বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে কুনুর সেতুর অবস্থা দীঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েকশো ভারী গাড়ি যাতায়াত করে। পাশাপাশি একই রাস্তায় আউশগ্রামের ভেদিয়ার অবন সেতুর অবস্থাও বেহাল। ফলে, এই দু’টি সেতুর সংস্কারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। এবিষয়ে জাতীয় সড়ক বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দীপঙ্কর জানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গুসকরা শহরের উপর দিয়েই বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক গিয়েছে। এটি বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার যোগাযোগ রক্ষা করার গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় কুনুর নদীর উপর সেতু রয়েছে। দীর্ঘদিন ধরেই এই সেতু বেহাল হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সড়ক সংস্কারের জন্য সেতুর উপর রাস্তার পিচ প্রায় ২০ দিন আগে তুলে ফেলা হয়েছে। এই সেতুর জয়েন্টের কাছেই ফাটল ধরেছে। তার উপর দিয়েই ভারী যান চলাচল করায় সেতুর অবস্থা আরও খারাপ হচ্ছে। এখন এই সেতুর উপর দিয়ে বাইক নিয়ে যাওয়াও বিপজ্জনক। বর্ষায় কুনুর সেতুতে জল জমে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে কুনুর সেতু সংস্কার হয়েছিল। এই সেতুর স্বাস্থ্য কেমন রয়েছে, তাও পরীক্ষা করা হয়নি।
এই রুটেই আউশগ্রামের ভেদিয়ার অবন সেতুরও অবস্থাও বেহাল। ওই সেতু আরও পুরানো। এই সেতু বোলপুর ও পূর্ব বর্ধমানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। বাইক চালকরা অবন সেতুর ফুটপাত দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। যানবাহন চলাচলের সময় প্রবল ঝাঁকুনি হচ্ছে। সেতুর উপরের রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। সেতুর বেহাল অবস্থার কারণে যানবাহনগুলিকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। ফলে দুই প্রান্তেই প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আনন্দগোপাল দাস, নিতাই হালদার বলেন, অবিলম্বে সেতুর সংস্কার করা প্রয়োজন। তা না হলে বড়োসড়ো দূর্ঘটনা ঘটে যেতে পারে।-নিজস্ব চিত্র