সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভার এক কাউন্সিলারকেই ধর্ষণের হুমকি। এমনকী তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ওই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিস। ধৃতের নাম রাকেশ ঘোষ। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। রাত এগারোটা নাগাদ ওই যুবক পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিখা ঘোষের বাড়িতে হামলা করেন। তিনি গালাগালি করেন, এমনকী কাউন্সিলারকে ধর্ষণের হুমকিও দেন বলে অভিযোগ। রাতেই বনগাঁ থানায় ওই যুবকের নামে অভিযোগ করেন কাউন্সিলার। তাঁর অভিযোগ, ধর্ষণের হুমকির পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টাও করে অভিযুক্ত। ধৃত যুবককে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে পাঠিয়েছেন।



