নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯২৪-২০২৪, কলকাতা বিমানবন্দরের ১০০ বছর উদযাপন হতে চলেছে আজ, শনিবার। বিকেলে কলকাতা বিমানবন্দরের প্রাঙ্গণে একটি অনুষ্ঠান হতে চলেছে। উদ্বোধন হবে রৌপ্য মুদ্রার (সিলভার কয়েন)। এছাড়া যাত্রীস্বার্থে কলকাতা বিমানবন্দরের একাধিক পরিষেবার উদ্বোধন হবে। কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। তবে গৌরবময় এই অনুষ্ঠান ঘিরেও বিমানবন্দরের কর্মীদের মধ্যে অসন্তোষ ধরা পড়েছে। অভিযোগ, শতবর্ষের উদযাপন অনুষ্ঠান নিয়ে কর্মীদের আগাম কিছু জানানো হয়নি। রাজ্য সরকারকেও আগে থেকে কিছু জানানো হয়নি এই অনুষ্ঠান সম্পর্কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি—হোর্ডিং এবং কার্ডে কেন্দ্র ব্যবহার করেনি বলে অভিযোগ। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, কলকাতা বিমানবন্দরের ১০০ বছর একটি গৌরবময় অধ্যায়। কিন্তু রাজ্য সরকারকে যথাযথ সম্মান দিয়ে আমন্ত্রণ না জানানো অবমাননাকর। রাজ্যের আর-এক মন্ত্রী রথীন ঘোষ বলেন, বিমানবন্দর লাগোয়া এলাকায় আমার নির্বাচনী কেন্দ্র। তবু আমার কাছেও কোনও আমন্ত্রণ আসেনি। এদিন কলকাতা বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়ন ও এয়ারপোর্ট কন্ট্রাকচুয়াল ওয়াকার্স ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে অপমান করেছে কেন্দ্র। ফলে কলকাতা বিমানবন্দরের ১০০ বছরের অনুষ্ঠান আমরা বয়কট করছি। এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়নের রিজিওনাল সেক্রেটারি (মেট্রো) প্রদীপ শিকদার বলেন, রাজ্য সরকারের জমিতে কলকাতা এয়ারপোর্ট। অথচ শতবর্ষের অনুষ্ঠানে বাংলার নির্বাচিত সরকারকে অপমান করা হয়েছে। প্রতিবাদে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত না-থাকারই সিদ্ধান্ত নিয়েছি।



