Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুলিস কো-অপারেটিভ ব্যাঙ্কের আমানত বেড়ে ৬৪৫ কোটি

ধুঁকতে থাকা কলকাতা পুলিসের কো-অপারেটিভ ব্যাঙ্ক এবার লাভের মুখ দেখতে শুরু করেছে। আট বছরে আমানত বেড়েছে তিনগুণেরও বেশি

কলকাতা পুলিস কো-অপারেটিভ ব্যাঙ্কের আমানত বেড়ে ৬৪৫ কোটি
  • ৩০ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধুঁকতে থাকা কলকাতা পুলিসের কো-অপারেটিভ ব্যাঙ্ক এবার লাভের মুখ দেখতে শুরু করেছে।  আট বছরে আমানত বেড়েছে তিনগুণেরও বেশি। এমনকী দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ডিভিডেন্টও আমানতকারীদের দিতে শুরু করেছে এই ব্যাঙ্ক। ব্যবসায়িক ভিত্তিতে ব্যাঙ্ক চালানো ও গ্রাহক টানার লক্ষ্যে  সুদের হারও বাড়ানো হয়েছে।

Advertisement

২০১৬ কলকাতা পুলিস কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। লালবাজার সূত্রে খবর,  ওই সময় ব্যাঙ্কের আমানত ছিল মাত্র ২০০ কোটি টাকা। সদস্য সংখ্যাও বাড়ছিল না। শান্তনুবাবু দায়িত্ব গ্রহণ করার পর এই ব্যাঙ্ককে পেশাদার করার উদ্যোগ নেন। যাতে অন্য রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে তারা প্রতিযোগিতায় নামতে পারে। গ্রাহক টানার লক্ষ্যে ফিক্সড ডিপোজিটে বার্ষিক আট শতাংশ সুদের ঘোষণা করা হয়। প্রবীণদের ক্ষেত্রে এই হার রাখা হয় ৮.৭৫ শতাংশ। সেভিংস ও রেকারিং ডিপোজিট করলে বলা হয়,  যথাক্রমে চার শতাংশ ও ৭.৭৫ শতাংশ সুদ মিলবে। এই ঘোষণাতে বাজিমাত করেছে কলকাতা পুলিসের কো-অপারেটিভ ব্যাঙ্ক। তার প্রমাণ মিলেছে ২০২৪-২৫ আর্থিক বর্ষে আমানত বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৪৫ কোটি টাকা। সদস্য সংখ্যা বেড়েছে ৩৮০৫ জন।  গ্রাহক সংখ্যা বাড়ায়  ভাঙড় ও টালিগঞ্জে শাখা খুলতে চলেছেন ব্যাঙ্কের আধিকারিকরা। বর্তমানে ব্যাঙ্কের চারটি শাখা রয়েছে। একইসঙ্গে ইসিএসের মাধ্যমে আমানতকারীদের টাকা কেটে নেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। আমানত বাড়ায় ঋণ দেওয়ার পরিমাণ  দু’লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। একইসঙ্গে ব্যাঙ্কের কোনও সদস্য মারা গেলে, সংশ্লিষ্ট পুলিস কর্মীর পরিবারকে কুড়ি হাজার টাকা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ