নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার কলকাতা মেট্রোর এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দেশের প্রথম মেট্রো রেল আজ ৪১তম বর্ষে পা দিল। চার দশক আগে ভবানীপুর থেকে ধর্মতলা পর্যন্ত চালু হয়েছিল পরিবেশবান্ধব এই গণপরিবহণ। কালের নিয়মে নেটওয়ার্ক বৃদ্ধি হয়েছে মেট্রোর। বর্তমানে পাঁচটি রুটে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী নিয়ে সদর্পে ছুটছে অত্যাধুনিক এই যান। ৪১তম জন্মদিন উদযাপনে আজ নয়া এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গত বছর মেট্রো রেলের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছিল। দেশের মধ্যে একমাত্র কলকাতা মেট্রো পৃথক জোন হিসেবে ভারতীয় রেলের অধীনে রয়েছে। দশকের পর দশক ধরে ধারাবাহিক লোকসানও হচ্ছে মেট্রোর। এহেন সংস্থার ৪০তম জন্মদিন উদযাপনে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল। মেট্রোর জন্মদিনে বিজ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন হয়েছিল। এসব আয়োজন করতে জনগণের করের টাকা কেন খরচ হবে, উঠেছিল সেই প্রশ্নও। মেট্রো ভবনের তৎকালীন কয়েকজন কর্তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে আর্থিক অনিয়মের প্রাথমিক যোগও মিলেছে। তার ভিত্তিতে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ভিজিল্যান্স চালু হয়েছে। কয়েকজনকে শাস্তিমূলক বদলি হিসেবে কলকাতা থেকে দেশের অন্যত্র পাঠানো হয়েছে। বিতর্কিত এই অধ্যায়ের মেট্রোর সর্বোচ্চ কর্তা, তৎকালীন জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি সম্প্রতি অবসর নিয়েছেন। নয়া জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্রা দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে সংস্কারের চেষ্টা করছেন। যাত্রী পরিষেবার মান নিয়ে এই রোজকার অসন্তোষের আবহে আজকে মেট্রোর জন্মদিন পালন রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।



