মুম্বই, ৭ ফেব্রুয়ারি: বড়োসড়ো রদবদল ঘটতে চলেছে বিসিসিআই-এর নতুন কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে। এই চুক্তিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে রাখা হচ্ছে গ্রেড বি’তে। এতদিন তাঁরা ছিলেন গ্রেড এ প্লাসে। ২০২৫-২৬ কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড এ প্লাস ক্যাটাগরিই রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন এই গ্রেডের ক্রিকেটাররা পেতেন বার্ষিক ৭ কোটি টাকা। নতুন চুক্তি অনুযায়ী এ, বি,এবং সি তিনটি ক্যাটাগরি থাকছে। এ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন বার্ষিক ৫ কোটি টাকা। বি ক্যাটাগরিতে ৩ কোটি, এবং সি-তে ক্রিকেটাররা পাবেন ১ কোটি টাকা করে।
কোহলি এবং রোহিত ইতিমধ্যেই টেস্ট এবং টি-২০ থেকে অবসর নিয়েছেন। তাঁরা শুধু ওয়ন ডে খেলছেন। একটা মাত্র ফরম্যাটে খেলার কারণেই দু’জনকে বি গ্রেডে রাখার পথে হেঁটেছে বিসিসিআই। পাশাপাশি দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য মহম্মদ সামি । ফলে কেন্দ্রীয় চুক্তিতে তাঁকে না রেখে বোর্ড বুঝিয়ে দিল তিনি এই মুহূর্তে টিম ইন্ডিয়ার প্ল্যানিংয়ে নেই। গ্রেড এ-তে রাখা হয়েছে মাত্র তিন জনকে। টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমান গিল, যশপ্রীত বুমরাহ, এবং রবীন্দ্র জাদেজাকে। কোহলি এবং রোহিত ছাড়াও বি গ্রেডে রাখা হয়েছে সূর্যকুমার যাদব, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া সহ ১১ জন ক্রিকেটারকে। সি গ্রেডে রয়েছেন ১৬ জন।
একবার দেখে নেওয়া যাক তিন গ্রেডে কে কোথায় আছেন:
গ্রুপ এ: শুভমান গিল, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
গ্রুপ বি: রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আয়ার।
গ্রুপ সি: অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিভম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই, ঋতুরাজ গায়কোয়াড়।