Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কোন্নগরে বস্তার গোডাউনে আগুন

কোন্নগরে বস্তার গোডাউনে আগুন
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আগুনে ভস্মীভূত হয়ে গেল চট ও সিমেন্ট ব্যাগের গোডাউন। বুধবার গভীর রাতে হুগলির কোন্নগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে ওই আগুনকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায়। গোডাউনটি বসতি এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্বে আনে। তবে তার আগেই স্থানীয়রা পাশের একটি পুকুর থেকে জল নিয়ে আগুন নেভাতে নেমে পড়েন। ওই গোডাউনে বিভিন্ন ধরনের বস্তা এনে তা পুনর্ব্যবহারযোগ্য করে বিক্রি করা হতো। দমকল সূত্রে জানা গিয়েছে, পরিত্যক্ত বিড়ি বা সিগারেট থেকে আগুন লেগেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গোডাউন সংলগ্ন এলাকায় প্রতিদিন মদ, গাঁজার ঠেক বসত। এ নিয়ে বাসিন্দারা বহুবার আপত্তি জানিয়েছিলেন। তাঁদের অনুমান, বুধবার রাতে সেই আসর থেকেই কোনওভাবে আগুন ধরে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ