Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কানাইপুর থেকে উদ্ধার ১০০  কেজি গাঁজা, গ্রেপ্তার পাঁচজন

কানাইপুর থেকে উদ্ধার ১০০  কেজি গাঁজা, গ্রেপ্তার পাঁচজন
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডানকুনি ও কানাইপুরে হানা দিয়ে গাঁজা উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবিবার রাতে এনসিবি-র ওই দলটি একাধিক জায়গায় হানা দেয়। তার মধ্যে কানাইপুরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় একশো কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। ওই ব্যবসায়ী সুজিত দাস, তার ছেলে শুভঙ্কর দাস সহ পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এনসিবি সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে একটি গাড়িতে করে গাঁজা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। গাঁজা পাচারের শিকড় খুঁজতে গাড়িটিকে রাস্তাতে বাজেয়াপ্ত না করে নজর রাখছিল এনসিবি। রাতে সেই গাঁজা সুজিত দাসের বাড়িতে ঢুকতেই এনসিবি’র দলও সেখানে হানা দেয়। ডানকুনিতে দিল্লি রোডের ধারে সুজিত দাসের একটি ধাবা আছে। সেখানেও এনসিবি’র আধিকারিকরা হানা দিয়েছিলেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাবার ব্যবসা করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছিল সুজিতের। বাড়ি, গাড়ি সহ বিপুল সম্পত্তি হয়েছিল। রবিবার রাতে এনসিবি’র অভিযানের পরে ওই ব্যবসায়ীকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এলাকায়। এদিকে, সোমবার ডানকুনিতে সুজিতের ধাবায় যুবকদের আনাগোনা দেখে সেখানে অভিযান চালান স্থানীয় কাউন্সিলার। তিনি জানতে পারেন ওই যুবকরা গাঁজা কিনতে এসেছিলেন। তারপরেই কয়েকজনকে ধরেন তিনি। অভিযোগ, কাউন্সিলার কয়েকজনকে কান ধরে উঠবোসও করিয়েছেন। যদিও কাউন্সিলারের দাবি, তিনি গাঁজার কুপ্রভাব নিয়ে তাঁদের সতর্ক করছিলেন। কয়েকজন যুবক নিজেদের ভুল বুঝতে পেরে নিজেরাই কান ধরে উঠবোস করেছেন। মূলত, গাঁজা না খাওয়ার শপথ নিয়ে ওই পদক্ষেপ করেন তাঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ