নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সমস্ত কোন্দল মিটিয়ে টিটাগড় পুরসভার কাউন্সিলারদের একসঙ্গে চলার বার্তা দিলেন স্থানীয় সাংসদ পার্থ ভৌমিক। মঙ্গলবার টিটাগড় পুরসভায় সমস্ত কাউন্সিলার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পরিষদের সদস্য এবং স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে তিনি আড়াই ঘন্টা ধরে বৈঠক করেন। গত সপ্তাহে ভুল থাকার জন্য পুরসভার বাজেট প্রস্তাব পাস হয়নি। এনিয়ে কাউন্সিলারদের মধ্যে কোন্দল তীব্রতর হয়। সেই জটিলতা কমানোর জন্য এদিন সবপক্ষকে নিয়ে বৈঠক করেন সাংসদ। টিটাগড়ে কাউন্সিলারদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, তা এলাকায় কান পাতলেই শোনা যায়। এখন দেখার এদিনের বৈঠকের পর তা কমে কি না।



