Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কম্পিউটার শিক্ষকের মারে চোখে আঘাত, অস্ত্রোপচার

কম্পিউটার শিক্ষকের মারে চোখে আঘাত, অস্ত্রোপচার
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের দাবি, ওই পড়ুয়ার ডান চোখে দৃষ্টি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাটি শ্যামনগরের। আক্রান্ত ছাত্রের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বারাকপুর পুলিস কমিশনারেটের এক আধিকারিক বলেন, অভিযুক্ত সুসময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে।  
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্র বারাকপুরের নামী ইংরেজি মাধ্যম স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। সে গত দু’বছর ধরে শ্যামনগরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কম্পিউটার শিখছে। পরিবারের অভিযোগ, গত ১৪ নভেম্বর ক্লাস করার সময় কম্পিউটার শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায় ওই ছাত্রের মুখে আঘাত করেন। শিক্ষককে সে কিছু বলার চেষ্টা করছিল। সেই সময় ওই শিক্ষক তার মুখে মারে। ডান চোখেও আঘাত লাগে। সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। পুলিসের কাছে সেই তথ্য রয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্র বাড়িতে ফিরে সবটা জানায়। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যান বাবা-মা। চিকিৎসক আঘাত পরীক্ষা করে অপারেশনের প্রস্তাব দেন। এসব শুনে আর দেরি করেনি পরিবার। ছেলেকে নিয়ে ভিনরাজ্যে যান তাঁরা। সেখানকার এক বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। কিন্তু দৃষ্টি ফেরা নিয়ে আশ্বস্ত করতে পারেননি চিকিৎসকরা। ছাত্রের পিসি নিবেদিতা মোদক জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন কম্পিউটার শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নিবেদিতা বলেন, ওর চোখের দৃষ্টি ফিরবে কি না, আমরা জানি না। ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সম্পর্কিত সংবাদ