প্রয়াগরাজ: কুম্ভে পুণ্যস্নানে যাওয়ার পথে দুর্ঘটনা। পুণ্যার্থীদের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল ১০ জনের। আহত আরও ১৯। তাঁদের চিকিৎসা চলছে। শুক্রবার রাতে প্রয়াগরাজের মেজা এলাকার কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান পদস্থ আধিকারিকরা। আহতদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সমস্ত সহায়তা করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বোলেরো গাড়িতে চেপে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে কুম্ভের পথে রওনা দিয়েছিলেন পুণ্যার্থীরা। অন্যদিকে, স্নান সেরে একটি বাসে করে ফিরছিলেন মধ্যপ্রদেশের রাজগড় জেলার বাসিন্দারা। শুক্রবার গভীর রাতে মেজা এলাকায় বোলেরো ও বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বোলেরোতে থাকা দশ জনের। আহত হন বাসের অন্তত ১৯ জন যাত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিসের সহযোগিতায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলছে তাঁদের। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিস। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।



