নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটির দিনে সাতসকালে খাস কলকাতার তালতলা এলাকায় এক যুবককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ। অভিযুক্ত ৩ জনের মধ্যে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, ছুরিকাহত ওই যুবকের নাম সাফি আহমেদ(২৭)। গুরুতর জখম অবস্থায় তিনি ভর্তি রয়েছেন এন আর এস হাসপাতালে। আজ, রবিবার তালতলার আগা মেহদি স্ট্রিটের বাজারে সব্জি বিক্রেতা সাফির সঙ্গে তিন যুবকের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপান্তরিত হয়। শেষে সাফির পেট লক্ষ্য করে ছুরি চালায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় সাফি। এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, হামলায় সাফির পেটের বামদিকে ক্ষত হয়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় তালতলা থানার পুলিস। তিনজনের মধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মানোয়ার। অপরদিকে আরও দুই অভিযুক্ত আফ্রিদি এবং সইফ ঘটনার পর থেকেই পলাতক। তাদের খোজে তল্লাশি চালাচ্ছে পুলিস। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তালতলা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিস। আগামীকাল অর্থাৎ সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে। অন্যদিকে এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা। নিরাপত্তা নিয়েও চিন্তিত রয়েছেন তাঁরা।



